রাজধানীর আফতাবনগর ও বনশ্রীর মধ্যে যাতায়াতে নতুন সুবিধা যুক্ত হলো। রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নতুন এই সংযোগের ফলে দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতের সময় প্রায় ৩০ থেকে ৪০ মিনিট কমে আসবে বলে আশা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে আয়োজিত অনুষ্ঠানে ব্রিজটির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আফতাবনগর ও বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুই এলাকার মধ্যে সরাসরি সংযোগের দাবি জানিয়ে আসছিলেন। ফুটওভার ব্রিজটি চালুর ফলে এখন দুই এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য সময়ও সাশ্রয় হবে।
তিনি বলেন, শুধু এই ফুটওভার ব্রিজ নয়, রামপুরা খালের ওপর আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজও চলমান রয়েছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ থাকবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ভবিষ্যতে মেট্রোরেলের (এমআরটি) কাজ শুরু হলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে। সে সময় নতুন স্টিল ব্রিজগুলো বিকল্প বা বাইপাস রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে প্রধান সড়কের ওপর চাপ কমার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সোসাইটির নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
























