ঢাকা   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির সুযোগ, নতুন সুবিধা ব্যবসায়ীদের

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির সুযোগ, নতুন সুবিধা ব্যবসায়ীদের

বৈদেশিক মুদ্রা বা ডলার ব্যবহার না করেও এখন বাংলাদেশি টাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের অর্থ পরিশোধ ও নিষ্পত্তি করা যাবে। নতুন ব্যবস্থায় বিদেশি ব্যাংকের নামে বাংলাদেশি ব্যাংকে থাকা নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাবের অর্থ ব্যবহার করে নির্দিষ্ট আন্তঃসীমান্ত বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানো এবং লেনদেন নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন নিয়ম অনুযায়ী, আমদানিকারকের কাছ থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরবর্তী সময়ে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারকের পাওনা পরিশোধ করা যাবে।

তবে আমদানি-রপ্তানির এলসি, চুক্তি ও ইনভয়েস তৈরির ক্ষেত্রে বিদ্যমান নিয়ম বহাল থাকবে। অর্থাৎ এসব নথিতে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় লেনদেনের মূল্য উল্লেখ করতে হবে। পরে প্রচলিত বিনিময় হার অনুযায়ী সেই অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করে ভোস্ট্রো হিসাবের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করা যাবে।

রপ্তানি আয়েও থাকছে বৈদেশিক মুদ্রার সুবিধা

টাকায় রপ্তানি আয় গ্রহণ করা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগও রাখা হয়েছে। সংরক্ষিত এসব বৈদেশিক মুদ্রা কাঁচামাল আমদানি, রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ পরিশোধসহ অনুমোদিত বিভিন্ন বৈদেশিক মুদ্রার দায় মেটাতে ব্যবহার করা যাবে।

ভোস্ট্রো হিসাবে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির পর অতিরিক্ত অর্থ থাকলে সেটি ব্যবহারের ক্ষেত্রেও সুযোগ বাড়ানো হয়েছে। এসব অর্থ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।

প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে এসব অর্থ বাংলাদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব হবে।

রেমিট্যান্স জমাতেও নতুন সুযোগ

একই দিনে পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে দেশে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তবে এ ধরনের লেনদেনে গ্রাহকের পরিচিতি যাচাই বা কেওয়াইসি, মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

একই সঙ্গে প্রযোজ্য রিপোর্টিংয়ের শর্তও পরিপালন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন ব্যবস্থার ফলে বৈদেশিক বাণিজ্যে টাকার ব্যবহার বাড়ানোর পাশাপাশি ডলারের ওপর নির্ভরতা কমানোর একটি বিকল্প পথ তৈরি হলো। একই সঙ্গে ভোস্ট্রো হিসাবের অর্থ ব্যবহার এবং রেমিট্যান্স ব্যবস্থাপনায়ও বাড়ল লেনদেনের সুযোগ।

সর্বশেষ