ঢাকা   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন দাবি, কোভিডের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন দাবি, কোভিডের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে চলমান মামলায় নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক পাবলো ফেরারি জানিয়েছেন, ২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর পেছনে করোনাভাইরাসের সংক্রমণ ছিল কি না, তা নিশ্চিতভাবে নাকচ করা সম্ভব নয়। তার মতে, মৃত্যুর পর ময়নাতদন্তের সময় কোভিড-১৯ পরীক্ষা না করায় গুরুত্বপূর্ণ একটি বিষয় অজানা থেকে গেছে।

আর্জেন্টিনার সান ইসিদ্রো আদালতে মামলার শেষ পর্যায়ের সাক্ষ্যগ্রহণে এ তথ্য জানান ফেরারি। আদালতে তিনি বলেন, ম্যারাডোনার ময়নাতদন্তের সময় কোভিড পরীক্ষা না করাটা ছিল একটি পদ্ধতিগত ভুল।

ফেরারি বলেন, ম্যারাডোনা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন—এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তার ব্যাখ্যা অনুযায়ী, করোনাভাইরাস শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে এবং কিছু ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই মৃত্যুও হতে পারে।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে আর্জেন্টিনার তিগ্রেতে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা। মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয়েছিল তার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এতদিন তার মৃত্যুকে মূলত হৃদ্‌যন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়ে আসছিল।

তবে আদালতে ফেরারি আরও জানান, মৃত্যুর আগে ম্যারাডোনাকে দীর্ঘ সময় ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়নি। তার ধারণা, শেষ পর্যায়ের শারীরিক কষ্ট কয়েক মিনিটের বেশি স্থায়ী হওয়ার কথা নয়।

বিশেষজ্ঞ চিকিৎসকের এই বক্তব্য ম্যারাডোনার চিকিৎসক লিওপোলদো লুকের দেওয়া প্রতিরক্ষা বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। লুকের দাবি ছিল, ম্যারাডোনার ফুসফুসে হঠাৎ তরল জমে শ্বাসকষ্ট তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক লুকসহ সাতজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা চলছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ম্যারাডোনার চিকিৎসায় দায়িত্বে অবহেলা ছিল। তবে মামলায় অভিযুক্তদের দায় চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।

মামলার চূড়ান্ত যুক্তিতর্ক আগামী ৬ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা এই বহুল আলোচিত মামলাটি রায়ের দিকে এগোবে।

সর্বশেষ