ঢাকা   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলার ২ চুক্তি

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলার ২ চুক্তি

পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি চুক্তি করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এসব চুক্তির আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তারা পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে তুলনামূলক কম সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় চুক্তি দুটি করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুননবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রিন শিল্পে ঋণ ৫ শতাংশ সুদে

‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে উঠলে দূষণ কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পরিবেশসম্মত উৎপাদনের চাহিদা পূরণে সহায়তা করতে পারে।

এই স্কিমে মোট ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।

আইসিটি খাতে সর্বোচ্চ ৫০ কোটি টাকা

অন্যদিকে, উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাত এবং এর বিভিন্ন উপখাতের উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করা হয়েছে।

এই স্কিমে হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে।

আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিমেও মোট ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। এ তহবিল থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ কোটি টাকা ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে এসব ঋণ বিতরণ করা হবে। এর ফলে পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো নির্মাণ, প্রযুক্তিনির্ভর ব্যবসার সম্প্রসারণ এবং আইসিটি খাতে নতুন বিনিয়োগে অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

সর্বশেষ