চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত তিন যাত্রীর কাছ থেকে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস। সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ২০ মিনিটে দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে। ফ্লাইটের যাত্রী ছিলেন ফেনীর মঈনুল আবদিন, আবদুল মান্নান ও নুরুল আলম।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়।
কাস্টমসের হিসাবে, জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। আর ১৩টি আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৪ হাজার টাকা।
এ ছাড়া একই সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া যায়। এসব সিগারেটও জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা সব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতেই এসব সিগারেট ও আইফোন জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত থাকবে।
























