ঢাকা   শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রাতে বাড়ির দরজা ভেঙে ঢোকে ১০–১২ অস্ত্রধারী, হাত-মুখ বেঁধে স্বর্ণ-টাকা লুট

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রাতে বাড়ির দরজা ভেঙে ঢোকে ১০–১২ অস্ত্রধারী, হাত-মুখ বেঁধে স্বর্ণ-টাকা লুট

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে পরিবারের সাত সদস্যকে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে গেছে মুখোশধারী একদল অস্ত্রধারী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতের নীরবতার মধ্যে হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের প্রত্যেকের কাছেই দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করার পর তাঁদের হাত ও মুখ বেঁধে ফেলা হয়।

পরে ঘরে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায় ডাকাতেরা।

ডাকাতির শিকার বাড়িটি খোরশেদুল আলমের। তিনি ওমানপ্রবাসী ছিলেন। খোরশেদুল আলম জানান, ঘটনার সময় তাঁর পরিবারের সাত সদস্যই বাড়িতে ছিলেন। ডাকাতেরা তাঁর কক্ষে ঢুকে প্রথমে তাঁর স্ত্রী ও ছেলের বউকে মারধর করে। বাধা দিতে গেলে তাঁকেও মারধরের শিকার হতে হয়।

তিনি জানান, ঘরে থাকা স্বর্ণালংকার ও মুঠোফোনের পাশাপাশি নগদ আড়াই লাখ টাকাও নিয়ে গেছে ডাকাতেরা। একটি পিকআপ ভ্যান বিক্রি করে ওই টাকা পাওয়া গিয়েছিল। ডাকাতির পর স্থানীয় লোকজন খবর পেয়ে এসে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, ডাকাতির সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো খবর দেওয়া হয়নি। সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ