দুর্নীতির অভিযোগে তদন্তাধীন চার সিটি করপোরেশনের প্রকৌশলী যাতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছেড়ে যেতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, গোপন সূত্রে জানা গেছে যে তদন্তের আওতায় থাকা এসব কর্মকর্তা গোপনে দেশত্যাগের চেষ্টা করতে পারেন। এ প্রেক্ষাপটে তাঁদের বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্তাধীন চার কর্মকর্তা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, সংস্থাটির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা।
মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও ফারজানা মুক্তা—স্বামী-স্ত্রী। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই এ-সংক্রান্ত একটি গোপনীয় চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন পুলিশ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টেও বিষয়টি জানাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চার কর্মকর্তার বিদেশযাত্রা বন্ধ রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ জন্য তাঁদের নাম, পদবি, ঠিকানা এবং পাসপোর্ট-সংক্রান্ত তথ্যও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।
























