রাজধানীর যাত্রাবাড়ীতে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার ছিনতাইকারীর বিরুদ্ধে। সোমবার ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাছ ব্যবসায়ীর নাম এমেদ আলী (৫০)। তাঁর স্বজনদের ভাষ্য, ভোর সাড়ে পাঁচটার দিকে রিকশায় করে মাছ কিনতে আড়তের দিকে যাচ্ছিলেন তিনি। যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে চারজন ব্যক্তি রিকশাটির গতিরোধ করে।
এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এমেদের কাছে থাকা টাকা দিতে বলে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা জোর করে টাকা নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের সঙ্গে এমেদের ধস্তাধস্তি শুরু হয়।
এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এমেদের শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। পরে তাঁর কাছে থাকা ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনেরা।
ঘটনার পর আহত এমেদকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর বাসায় চলে গেছেন।
এমেদ আলীর বাড়ি রাজধানীর উত্তর বাড্ডায়। তাঁর বাবার নাম মোহর আলী।
























