রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, খাল উদ্ধার ছাড়া ঢাকা শহরকে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট থেকে রক্ষা করা সম্ভব নয়।
সোমবার (২৯ জুন) মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ডিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধ দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল কার্যত ভরাট হয়ে গেছে। এসব খাল পুনরুদ্ধার করা জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “যত বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটির ২৯টি খাল দখলমুক্ত করা হবে।”
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিএনসিসি পাঁচ লাখ গাছের চারা রোপণ করবে। সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনও এদিন করা হয়।
নগরবাসীর প্রতি ছাদবাগান তৈরির আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, সবুজায়নের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে ছাদে বা বিভিন্ন পাত্রে যেন কোথাও পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করতে হবে।
গাবতলী টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা
একই দিন বিকেলে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি জানান, টার্মিনালের ভেতরে থাকা অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো বাস টার্মিনালে ২৪ ঘণ্টার বেশি অবস্থান বা মেরামতের কাজ করার সুযোগ নেই। কিন্তু গাবতলী টার্মিনালে দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চলে আসছে, যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শফিকুল ইসলাম খান বলেন, গাবতলী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তজেলা বাস টার্মিনাল। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের লাখো যাত্রী এই টার্মিনাল ব্যবহার করেন। তাই যাত্রীসেবার মান উন্নয়ন এবং টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শন শেষে তিনি টার্মিনালে যাত্রীদের বসার ব্যবস্থা উন্নয়ন, যাত্রীছাউনি ও ছাদের সংস্কার এবং অভ্যন্তরীণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
























