ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি দাবি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকার প্রস্তাব নিয়ে তাঁর পেছনে ঘুরলেও তিনি কোনো ধরনের প্রলোভনে পা দেননি।
শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় টাকার প্রতি আমার কোনো লোভ হয়নি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেব। তাই আমি হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দিয়েছি।”
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের বিষয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিছু মানুষ বলছে, এটি নাকি অন্যায় হয়েছে। কিন্তু যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করেছে এবং ছয়টি নবজাতকের মৃত্যুর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এই শাস্তি দেশের অন্যান্য বেসরকারি হাসপাতালের জন্যও একটি সতর্কবার্তা হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সরকারি সেবা পেতে এখন আর ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, একটি পাইলট প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে কেবল রোগীকে হাসপাতালে নেওয়া হবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যার দুটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার (দোলন), মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।























