ঢাকা   শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

নারী ও নারী উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৯, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৩, ৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সহসভাপতি (ভিপি) পেয়েছে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন নাশরা নইম। শুধু ভিপি পদেই নয়, ছাত্র সংসদের মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

ভিপি পদে নাশরা নইম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। ফলে ১ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন নাশরা।

এ ছাড়া ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। সব মিলিয়ে ১৩টি পদের ছয়টিতে নারীদের জয় এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, সভাপতি পদে চার হাজারের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মোহাম্মদ হামদান।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব। আর উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান।

দীর্ঘ আট বছর পর এবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত তিন বছর ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পর এ নির্বাচনের আয়োজন করা হয়। ফলে এবারের নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।

বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, চলমান জেন-জি আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচার চলাকালে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

সর্বশেষ