ঢাকা   শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে বিমা পলিসি বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির ব্যবসায় ৩ মাসের নিষেধাজ্ঞা

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:২৮, ৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে বিমা পলিসি বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির ব্যবসায় ৩ মাসের নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো) বিমা পলিসি বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) এ খাতের ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কোম্পানি দুটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থায়ীভাবে স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত পৃথক চিঠিতে কোম্পানি দুটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়। চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাধারণ বীমা করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, সংস্থাটির পরিদর্শন দল গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিন পরিদর্শন করে দেখতে পেয়েছে, প্রতিষ্ঠানটি বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে বিভিন্ন হারে প্রিমিয়াম আদায় করেছে। এ ধরনের কর্মকাণ্ড বিমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং আইডিআরএর ২০২১ সালের ৮৩ নম্বর প্রজ্ঞাপনের লঙ্ঘন।

আইডিআরএ সূত্রে জানা গেছে, মেরিন কার্গো বিমার প্রচলিত ট্যারিফ হার শূন্য দশমিক ৪৫ ও শূন্য দশমিক ৩০ শতাংশ। অভিযোগ, কোম্পানি দুটি এ হার থেকে গ্রাহকদের ছাড় দিয়ে বিমা পলিসি বিক্রি করেছে।

বিমা আইন, ২০১০-এর ৬০ ধারায় বলা হয়েছে, বিমা পলিসি বিক্রি, নবায়ন বা চালু রাখার জন্য গ্রাহককে নির্ধারিত কমিশন বা প্রিমিয়ামের অংশবিশেষ ছাড় দেওয়া যাবে না। এ বিধান লঙ্ঘনের অভিযোগেই কোম্পানি দুটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইডিআরএ।

আইন লঙ্ঘনের দায়ে বিমা আইন, ২০১০-এর ১০(২) ধারা অনুযায়ী কোম্পানি দুটির মেরিন (কার্গো) উপশ্রেণির সব ধরনের বিমা ব্যবসা তাৎক্ষণিকভাবে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি একই আইনের ১০(১) ধারা অনুযায়ী, তাদের নিবন্ধন চূড়ান্তভাবে স্থগিত করা হবে না কেন, সে বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২০২৫ সালে দেশের নন-লাইফ বিমা কোম্পানিগুলোর মেরিন বিমা থেকে মোট প্রিমিয়াম আয় হয়েছে ২ হাজার ৩০০ কোটি টাকা।

এ বিষয়ে জানতে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে পাওয়া না যাওয়ায় খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘৫০ শতাংশ ব্যবসায়ের জন্য আমরা বিদেশের বাজারে গিয়েছি। এতে আয় হয়েছে আমাদের। আবার গ্রাহকদের জন্যও ভালো হয়েছে। প্রজ্ঞাপন জারির আগে আইডিআরএ আমাদের কাছে ব্যাখ্যা চাইতে পারত। তা সংস্থাটি করেনি।’

সর্বশেষ