লার্নার লাইসেন্স নিয়ে একা রাস্তায় মোটরসাইকেল চালানো যাবে না। বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময়ই কেবল মোটরযান চালাতে পারবেন শিক্ষানবিশ চালক। এ বিষয়ে মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান চালকদের সতর্ক করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএ জানিয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন।
এ ছাড়া প্রশিক্ষণরত অবস্থায় মোটরযানের সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন লাগিয়ে রাখতে হবে। এই চিহ্নের মাধ্যমে অন্য চালকরা সহজেই বুঝতে পারবেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন।
এতে অন্য চালকদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের সুযোগ তৈরি হবে। তাই সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
























