ঢাকা   শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৩, ৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: সালাহউদ্দিন আহমদ

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে একটি মহল, যার পেছনে রয়েছে ফ্যাসিবাদী শক্তি।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ।

তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীন, দেশ এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে লেগেছে ১৬ থেকে ১৭ বছর।

তিনি দাবি করেন, এ আন্দোলনে আলেম-ওলামা ও ছাত্রসমাজ অকাতরে রক্ত দিয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। গত ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুম এবং ৭ হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া লাখ লাখ মানুষ মামলা ও হামলার মাধ্যমে নির্যাতিত হয়েছেন।

মন্ত্রী বলেন, এত রক্তের বিনিময়ে অর্জিত মুক্তি ধরে রাখতে ফ্যাসিবাদী শক্তির পুনরাগমন এ দেশের মানুষ হতে দেবে না।

এ সময় ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি গোষ্ঠীর সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব গোষ্ঠী মুখে এক কথা বললেও তাদের দলীয় ইশতেহারে শরিয়াভিত্তিক শাসনের প্রতিফলন নেই; বরং তারা শরিয়াহ শাসনের বিরোধিতা করে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন এবং সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের জাতীয় পরিচয় গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

হেফাজতে ইসলামের আমির ও বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরোয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।

সর্বশেষ