ঢাকা   শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

উদ্যোক্তা ঋণ নিয়ে প্রতারণা, টাকা না দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১৯, ৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

উদ্যোক্তা ঋণ নিয়ে প্রতারণা, টাকা না দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিকে ঘিরে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার এবং কোনো বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

গত ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচিটির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে এবং বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে।

 

সর্বশেষ