ঢাকা   সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

দীর্ঘদিনের মন্দা, তারল্যসংকট ও বিনিয়োগকারীদের আস্থাহীনতায় থাকা শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে বিশেষ তহবিল সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের জন্য গঠিত বিশেষ তহবিল ব্যবহারের সুযোগ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রম সচল রাখতে সহায়তা করতে পারে। একই সঙ্গে বাজারে তারল্য প্রবাহ বাড়ানোরও সুযোগ তৈরি হবে। তবে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে আস্থা ফেরাতে শুধু এ উদ্যোগ যথেষ্ট নয়।

দীর্ঘদিন ধরে মূলধনসংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় ভুগছে দেশের শেয়ারবাজার। এমন পরিস্থিতিতে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ সুবিধার ফলে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সক্রিয় হতে পারে।

যেভাবে চালু হয় বিশেষ তহবিল

করোনা মহামারির সময় ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারের তারল্যসংকট মোকাবিলা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ তহবিল গঠনের নীতি চালু করে বাংলাদেশ ব্যাংক।

এ নীতির আওতায় প্রতিটি তফসিলি ব্যাংক নিজস্ব অর্থায়নে অথবা বাংলাদেশ ব্যাংক থেকে রেপো সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারে।

এ তহবিলের অন্যতম সুবিধা হলো, এর আওতায় শেয়ারবাজারে করা বিনিয়োগ ব্যাংকগুলোর প্রচলিত শেয়ারবাজার এক্সপোজার সীমার বাইরে রাখা হয়। ফলে নির্ধারিত বিনিয়োগসীমার অতিরিক্ত অর্থও এ তহবিলের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে।

তহবিলের আকার বাড়ানোর দাবি

বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর আকার বাড়ানোর দাবি জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। তাঁদের মতে, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি তারল্য সরবরাহ নিশ্চিত করতে শুধু মেয়াদ বাড়ানো নয়, তহবিলের পরিমাণও বাড়ানো প্রয়োজন।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) প্রতিটি ব্যাংকের জন্য বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তহবিলের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সালের নভেম্বর পর্যন্ত করার প্রস্তাবও জানিয়েছে সংগঠনটি।

শুধু মেয়াদ বাড়ালেই কাটবে না সংকট

বাজার বিশ্লেষকদের মতে, বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানো শেয়ারবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ। তবে দীর্ঘদিনের সংকট কাটাতে এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখার সুযোগ নেই।

এ জন্য ব্যাংকগুলোর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ তৈরি করতে হবে। পাশাপাশি ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি, বাজারে সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।

তাঁদের মতে, বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে ব্যাংকগুলোর বিনিয়োগের সদিচ্ছা এবং শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতির ওপর।

সর্বশেষ