ঢাকা   সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জীবন বিমা খাতে ইতিবাচক পরিবর্তন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত চার কোম্পানির

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

জীবন বিমা খাতে ইতিবাচক পরিবর্তন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত চার কোম্পানির

জীবন বিমা খাতের আর্থিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫টি জীবন বিমা কোম্পানির মধ্যে ইতিমধ্যে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১২টি। এর মধ্যে আটটির আর্থিক অবস্থায় উদ্বেগ থাকলেও চারটি কোম্পানির প্রতিবেদনে উন্নতির চিত্র উঠে এসেছে। জীবন বিমা তহবিল বৃদ্ধি, আয়-ব্যয়ের উদ্বৃত্ত এবং কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালন নগদ প্রবাহে পরিবর্তন খাতটিতে নতুন করে আশার ইঙ্গিত দিচ্ছে।

ইতিবাচক আর্থিক ফলাফল দেখানো চারটি কোম্পানি হলো—ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে চার প্রতিষ্ঠানের সম্মিলিত জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৭ কোটি ৮২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই তহবিলের পরিমাণ ছিল ১১ হাজার ৩২৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সম্মিলিত জীবন বিমা তহবিল বেড়েছে ১ হাজার ৩১২ কোটি ৫২ লাখ টাকা।

তবে চার কোম্পানির আর্থিক সূচকে একই ধরনের উন্নতি দেখা যায়নি। কোনো প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত কমলেও নয় মাসের হিসাবে বেড়েছে। আবার কোনো প্রতিষ্ঠানের নয় মাসের উদ্বৃত্ত কমলেও তৃতীয় প্রান্তিকে ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ফিরেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

জীবন বিমা তহবিলের আকারের দিক থেকে চার কোম্পানির মধ্যে এগিয়ে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত জীবন বিমা রাজস্ব হিসাবে আয়-ব্যয়ের উদ্বৃত্ত হয়েছে ২৬১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ২২১ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে উদ্বৃত্ত বেড়েছে ৩৯ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা।

তবে বছরের প্রথম নয় মাসের হিসাবে চিত্র কিছুটা ভিন্ন। ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির সমন্বিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৬৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসাবে নয় মাসে উদ্বৃত্ত কমেছে ৩৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে কোম্পানিটির জীবন বিমা তহবিলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে ন্যাশনাল লাইফের তহবিল দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ হাজার ৪২০ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরে তহবিল বেড়েছে ৯৪৩ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহেও উন্নতি হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৪ টাকা ২৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ৫ টাকা ১২ পয়সা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে বছরের প্রথম নয় মাসের উদ্বৃত্ত এবং জীবন বিমা তহবিলে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে তৃতীয় প্রান্তিকে আয়-ব্যয়ের উদ্বৃত্ত কমেছে।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উদ্বৃত্ত হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে উদ্বৃত্ত কমেছে ৯ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।

তবে নয় মাসের হিসাবে কোম্পানিটির আর্থিক ফলাফল ইতিবাচক। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১০৯ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৩ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে উদ্বৃত্ত বেড়েছে ৩৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর শেষে প্রগতি লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৮৮৯ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ তহবিল ছিল ৭৩৩ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ এক বছরে তহবিল বেড়েছে ১৫৬ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক ও প্রথম নয় মাসের আর্থিক ফলাফলে উদ্বৃত্ত বেড়েছে। একই সঙ্গে কোম্পানিটির জীবন বিমা তহবিলেও প্রবৃদ্ধি হয়েছে। তবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত হয়েছে ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত বেড়েছে ৫ কোটি ২৬ লাখ টাকা।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৯ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে নয় মাসে উদ্বৃত্ত বেড়েছে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে চার্টার্ড লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৮৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭০ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ এক বছরে তহবিল বেড়েছে ১৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা।

তবে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে অবনতি হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১ টাকা ১৩ পয়সা।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে তৃতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাবে। আগের বছরের একই সময়ে ঘাটতিতে থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উদ্বৃত্ত অর্জন করেছে কোম্পানিটি। পাশাপাশি বেড়েছে জীবন বিমা তহবিল এবং প্রথম নয় মাসের সম্মিলিত উদ্বৃত্ত।

কোম্পানিটির সমন্বিত জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়-ব্যয়ের উদ্বৃত্ত হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। অথচ আগের বছরের একই সময়ে আয় অপেক্ষা ব্যয় ৪৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বেশি ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ফিরেছে প্রতিষ্ঠানটি।

এদিকে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির সমন্বিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৯২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮৮ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে উদ্বৃত্ত বেড়েছে ৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।

একই সঙ্গে কোম্পানিটির জীবন বিমা তহবিলেও প্রবৃদ্ধি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে ডেল্টা লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৮ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ১০১ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তহবিল বেড়েছে ১৯৬ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।

সার্বিক চিত্র

চারটি জীবন বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, জীবন বিমা তহবিল বৃদ্ধির ক্ষেত্রে সব প্রতিষ্ঠানেই ইতিবাচক প্রবণতা রয়েছে। সম্মিলিতভাবে এক বছরে চার কোম্পানির তহবিল বেড়েছে ১ হাজার ৩১২ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে ন্যাশনাল লাইফের তহবিলেই বেড়েছে ৯৪৩ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে নয় মাসের উদ্বৃত্তের হিসাবে প্রগতি লাইফ ও চার্টার্ড লাইফের উন্নতি হয়েছে। ডেল্টা লাইফ আগের বছরের তৃতীয় প্রান্তিকের ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ফিরেছে। তবে ন্যাশনাল লাইফের নয় মাসের উদ্বৃত্ত এবং প্রগতি লাইফের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত কমেছে। একই সঙ্গে চার্টার্ড লাইফের পরিচালন নগদ প্রবাহেও অবনতি হয়েছে।

ফলে জীবন বিমা তহবিলের ধারাবাহিক বৃদ্ধি এবং কয়েকটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উদ্বৃত্তে উন্নতি খাতটির জন্য ইতিবাচক বার্তা দিলেও সব কোম্পানির আর্থিক পরিস্থিতি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

সর্বশেষ