শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা পরিচালক নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট ১ লাখ ২৪ হাজার ৫৮৬টি শেয়ার তাঁর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে। আদালতের ইস্যু করা উত্তরাধিকার সনদ অনুযায়ী এসব শেয়ার তাঁদের মধ্যে বণ্টন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালের ৬ নভেম্বর ডিএসইর মাধ্যমে প্রকাশিত আগের ঘোষণার ধারাবাহিকতায় এই শেয়ার হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের উত্তরাধিকার সনদে যাঁদের নাম উল্লেখ রয়েছে, তাঁদের মধ্যে শেয়ারগুলো বণ্টন করা হবে।
উত্তরাধিকারীদের মধ্যে নিসার কাদেরের স্ত্রী এবং ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার শেগুফতা নিসার পাবেন ১৫ হাজার ৫৭৩টি শেয়ার।
উল্লেখ্য, নিসার কাদের ২০২৪ সালের ১৫ মে মৃত্যুবরণ করেন। তাঁর নামে থাকা অবশিষ্ট শেয়ারগুলো উত্তরাধিকার সনদ অনুযায়ী উত্তরাধিকারীদের নামে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে ব্যাংক কর্তৃপক্ষ।
























