গ্রাহকদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু।
তিনি বলেন, গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা থেকেই বীমা দাবি দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সততা, পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে দাবি পরিশোধের মাধ্যমে বীমা খাতে পপুলার লাইফের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ধরে রাখতে দাবি নিষ্পত্তিতে সময়ানুবর্তিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। গ্রাহকরা যাতে তাদের প্রাপ্য অর্থ যথাসময়ে পান, সে বিষয়টি প্রতিষ্ঠান গুরুত্বের সঙ্গে দেখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বীমার প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হলে দাবি নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা প্রয়োজন।
চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মধ্যে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবি পরিশোধকে প্রতিষ্ঠানটির গ্রাহকসেবা কার্যক্রমের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি নিষ্পত্তি করা গেলে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের বীমা খাতের প্রতিও মানুষের আস্থা বাড়ানো সম্ভব।
























