ঢাকা   বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সে এক টিকিটে আরেকটি ফ্রি

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩২, ৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সে এক টিকিটে আরেকটি ফ্রি

দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আগামীকাল ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় কাউন্টার থেকে একটি সিনেমার টিকিট কিনলেই সঙ্গে আরেকটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। তবে অফারটি শুধু এক দিনের জন্য প্রযোজ্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অক্টোবর যেকোনো সিনেমার একটি টিকিট কাউন্টার থেকে কিনলে একই সঙ্গে একটি ফ্রি টিকিট দেওয়া হবে। ফলে ২২ বছর পূর্তির দিন প্রিয়জনকে সঙ্গে নিয়ে সিনেমা দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

শুধু টিকিটের অফার নয়, বিশেষ এই উপলক্ষে দর্শকদের জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগও। এ জন্য স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে গিয়ে প্রতিষ্ঠানটিতে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করতে হবে। সেখান থেকে নির্বাচিতদের দেওয়া হবে বিনা মূল্যের মুভি ভাউচার।

২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দীর্ঘ এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব এসেছে, আর দর্শকরা সেগুলো ভালোভাবে গ্রহণ করেছেন বলেই স্টার সিনেপ্লেক্স আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। দর্শকদের ভালোবাসাই এই পথচলার মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভালো সিনেমার জন্য দর্শকরা সব সময় আগ্রহী। শুধু বিদেশি ছবির ওপর নির্ভর না করে বাংলাদেশেও নিয়মিত ভালো সিনেমা নির্মিত হোক—এটাই তাদের প্রত্যাশা। দেশের সিনেমা দেখার জন্য সব সময় প্রেক্ষাগৃহগুলো দর্শকে পূর্ণ থাকুক, সেটিই চান তারা।

২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। আধুনিক প্রযুক্তি, উন্নত শব্দব্যবস্থা, প্রশস্ত হল ও নান্দনিক পরিবেশের মাধ্যমে দেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে প্রতিষ্ঠানটি।

স্টার সিনেপ্লেক্সের হাত ধরে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার সংস্কৃতিও নতুন করে জনপ্রিয়তা পায়। পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার সুযোগ তৈরি হয় বাংলাদেশের দর্শকদের জন্য। জনপ্রিয় সিনেমার টিকিটের জন্য ভোর থেকে দীর্ঘ সারি কিংবা মুক্তির এক সপ্তাহ আগেই অনলাইনে টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমণ্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা ও সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারেও রয়েছে প্রতিষ্ঠানটির শাখা।

এ ছাড়া চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সর্বশেষ