দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত ৫ অক্টোবর সোনার গহনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দরেই সোনা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
রুপার দামে পরিবর্তন নেই
সোনার দাম কমানো হলেও রুপার গহনার দরে কোনো পরিবর্তন আনেনি বাজুস।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ, বর্তমান বাজারদরে এক ভরি সোনা কিনতে ক্যারেটভেদে ক্রেতাকে প্রায় দেড় লাখ থেকে সোয়া দুই লাখ টাকার বেশি খরচ করতে হচ্ছে। বাজুস নতুন করে দাম ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দরই দেশের বাজারে কার্যকর থাকবে।
























