শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির একাধিক পরিচালক, স্পন্সর পরিচালক ও করপোরেট পরিচালক ব্যাংকটির বিপুল পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট পরিচালক ও প্রতিষ্ঠানগুলো বিদ্যমান বাজারদরে ব্লক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মোট ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার ক্রয় করবেন।
ঘোষণায় দেখা যায়, ব্যাংকটির পরিচালক আজম জে. চৌধুরী ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। করপোরেট পরিচালক ইসি হোল্ডিংস লিমিটেড ১১ লাখ ৬০ হাজার ৫০৭টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
স্পন্সর পরিচালক কাজী সিরাজুল ইসলাম ৯ লাখ ৭১ হাজার ৭৯৭টি এবং স্পন্সর পরিচালক মো. শাহাদাত হোসেন ৯ লাখ ৭১ হাজার ৫৮২টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে করপোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি শেয়ার কেনার পরিকল্পনা জানিয়েছে। পরিচালক তানভীর এ. চৌধুরী ৯ লাখ ৭০ হাজার ৯৭৩টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
সবচেয়ে বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে করপোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি ১৯ লাখ ৪৬ হাজার ৫৭২টি শেয়ার কিনবে বলে জানিয়েছে।
এছাড়া পরিচালক মো. নাফিস সিকদার ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি এবং পরিচালক এস. এম. তামজিদ ৯ লাখ ৭১ হাজার ১৪০টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
ডিএসই জানিয়েছে, ঘোষণাকৃত সব শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে ক্রয় সম্পন্ন করা হবে।
























