শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন এনে নতুন লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় মোট ছয়টি এজেন্ডা, যার মধ্যে একটি বিশেষ এজেন্ডাও ছিল, শেয়ারহোল্ডারদের অনুমোদন পায়।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি আলোচনা করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের ১৫১৫তম সভায় অনুমোদিত লভ্যাংশ প্রস্তাবে পরিবর্তনের একটি প্রস্তাব উত্থাপন করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত ঘোষণায় পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড এবং ১৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছিল।
তবে এজিএমে শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন ও সমর্থনের পর সর্বসম্মতিক্রমে ডিভিডেন্ড কাঠামোয় সংশোধনী আনা হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড পাবেন।
সভায় অনুমোদিত এ ডিভিডেন্ডই ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পূবালী ব্যাংকের শেয়ারহোল্ডারদের চূড়ান্ত লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
























