ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বন্ধ ট্রেন, খুলছে না দুই থানা

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:০২, ২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বন্ধ ট্রেন, খুলছে না দুই থানা

গোপালগঞ্জে ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকির কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখা হচ্ছে।

১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই চালু হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা থানা দুটির কার্যক্রম পুনরায় চালুর অনুরোধ জানালেও সংস্কারকাজ শুরু করতে আরও সময় লাগবে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুড়ে যাওয়া থানা দুটি সংস্কারের কাজ শুরু করা হবে।

অন্যদিকে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দেওয়া সরকারি অর্থসহায়তার তৃতীয় কিস্তির টাকা ছাড় করা হবে না।

সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। তবে গোপালগঞ্জের জন্য আগামী জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। একইভাবে ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে। এ সেবা চালু হতে সময় লাগবে।

বলপ্রয়োগ করবে না সরকার

গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।

ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়।

এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এটাই সরকারের অবস্থান।

ওই কর্মকর্তা আরও জানান, আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থানে পরিবর্তন আসবে না।

গোপালগঞ্জে বন্ধ পাঁচটি ট্রেন

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে—টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।

এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে আবার গোপালগঞ্জে ফিরে আসত।

অভিযাত্রী কমিউটার ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। রূপসী বাংলা ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত চলাচল করত। জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত যাতায়াত করত। আর ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলার সাধারণ মানুষ। বাসের তুলনায় ট্রেনে যাতায়াতের খরচ কম এবং সময়ও কম লাগে। বিশেষ করে ঢাকায় যাতায়াতের জন্য অনেকেই ট্রেনের ওপর নির্ভরশীল। এ কারণে ট্রেন চালুর দাবিতে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর কিংবা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জে ট্রেন চলাচল ও বন্ধ থাকা থানার কার্যক্রম চালুর সম্ভাবনা কম।