ঢাকা   বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

এ বছর বিপিএল হচ্ছে না, সময় নিয়ে আয়োজনের কথা তামিমের

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৩৭, ২০ আগস্ট ২০২৬

এ বছর বিপিএল হচ্ছে না, সময় নিয়ে আয়োজনের কথা তামিমের

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বোর্ডের হাতে পর্যাপ্ত সময় নেই বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বিপিএল নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

এ বছর বিপিএল আয়োজনের জন্য বোর্ডের হাতে পর্যাপ্ত সময় আছে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘আমি মনে করি না। এ বছর বিপিএল হবে না।’

বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম বড় উৎস বিপিএল। ফলে এ বছর টুর্নামেন্ট না হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি হবে—এ বিষয়টিও স্বীকার করেছেন তামিম। তবে তাঁর মতে, তাড়াহুড়ো করে আয়োজনের চেয়ে একটি মানসম্মত ও সফল বিপিএল আয়োজন বেশি গুরুত্বপূর্ণ।

তামিম বলেন, তিনি খেলোয়াড় থাকলে বিপিএল না হওয়ায় নিজেও হতাশ হতেন। খেলোয়াড়দের আর্থিক ক্ষতি হবে—এটিও তিনি অস্বীকার করছেন না। তবে একই সঙ্গে বিপিএল এমনভাবে আয়োজন করা উচিত, যাতে এটি নিয়ে বিসিবি গর্ব করতে পারে।

বিপিএলের পারিশ্রমিক জটিলতা, ফ্র্যাঞ্চাইজির ফি পরিশোধে অনিয়ম এবং সম্প্রচারসংক্রান্ত নানা সমস্যার কারণে গত কয়েক বছর ধরে টুর্নামেন্টটি সমালোচনার মুখে রয়েছে। তামিম জানিয়েছেন, সর্বশেষ দুই আসর আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব সমস্যা সমাধান করে গুছিয়ে বিপিএল আয়োজনের কথা বলে আসছেন তামিম। তিনি বলেন, বিপিএল আয়োজনের ইচ্ছা বিসিবির শতভাগের বেশি রয়েছে। তবে তাড়াহুড়ো করে আয়োজন করতে চান না। প্রয়োজন হলে প্রস্তুতির জন্য ৬ থেকে ১২ মাস সময় নেওয়া হবে।

তামিমের মতে, খেলোয়াড়দের সঙ্গেও একটি মানসম্মত বিপিএল আয়োজনের বিষয়ে মূলত মতের মিল রয়েছে। বিপিএলকে তিনি একটি বড় ক্রিকেটীয় পণ্য হিসেবে উল্লেখ করে বলেন, এটি ঠিকভাবে আয়োজন করা গেলে টুর্নামেন্টটির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।

সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল মাঠে গড়ায়। এবার ওই সময়ে বিপিএল না হলে বিকল্প কোনো ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা হবে কি না, সে বিষয়ে তামিম জানান, বিসিবি একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ করছে।

ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে, সে বিষয়ে ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।