ঢাকা   মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগ

প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি নাঈমের, ১০ ছক্কায় আজিজুলের ১৪২

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১৪, ২০ অক্টোবর ২০২৬

সর্বশেষ

প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি নাঈমের, ১০ ছক্কায় আজিজুলের ১৪২

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন রাজশাহীর ব্যাটসম্যান নাঈম আহমেদ। অন্যদিকে, ক্যারিয়ারের পঞ্চম ম্যাচেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন খুলনার আজিজুল হাকিম। ১০টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

প্রথম সেঞ্চুরিতেই নাঈমের ডাবল

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম শতককে দ্বিশতকে পরিণত করে অনন্য কীর্তি গড়েছেন নাঈম আহমেদ। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন তাইবুর রহমান, মোসাদ্দেক হোসেন, তাওহিদ হৃদয় ও আবদুল্লাহ আল মামুন।

রাজশাহীতে বরিশালের বিপক্ষে নাঈমের ডাবল সেঞ্চুরির পরই প্রথম ইনিংস ঘোষণা করে তাঁর দল। ৭ উইকেটে ৪৫৭ রান করে ইনিংস শেষ করে রাজশাহী। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ২৪৯ রান। দলটি এগিয়ে আছে মাত্র ২১ রানে।

বরিশালের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে আউট হয়েছেন ওপেনার জাওয়াদ আবরার। ৯৪ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান।

১০ ছক্কায় আজিজুলের ১৪২

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিজুল হাকিম। সিলেটে চট্টগ্রামের বিপক্ষে খুলনার দ্বিতীয় ইনিংসে ১৪২ রান করেছেন এই ওপেনার। ১৪৭ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ১০টি ছক্কা।

আগের দিন ১২ রান করার পর চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল আজিজুলকে। ৬ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে খুলনা। শেষ পর্যন্ত দলটি অলআউট হয় ৩২৩ রানে। দিনের যোগ হওয়া ১৬২ রানের মধ্যে আজিজুল একাই করেছেন ১৩০ রান।

নবম উইকেট হারানোর পর সফর আলীকে সঙ্গে নিয়ে দশম উইকেটে ৬৭ রান যোগ করেন আজিজুল। এই জুটিতে সফর কোনো রান করেননি; আজিজুলের অবদান ৬৫ রান, আর অতিরিক্ত থেকে এসেছে ২ রান।

জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য পাওয়া চট্টগ্রাম দিন শেষ করেছে ৫ উইকেটে ১৭৪ রান নিয়ে। ওপেনিং জুটিতে মাহমুদুল হাসান ৬০ ও সাদিকুর রহমান ৭৬ রান করে ১২৯ রান যোগ করেন। এরপর মাত্র ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। খুলনার বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার নিয়েছেন ৪ উইকেট। তিনি সামিউন বাসীর কনকাসন বদলি হিসেবে খেলতে নেমেছেন।

অমিতের ৯৪ রানে এগিয়ে সিলেট

চট্টগ্রামে রংপুরের বিপক্ষে তৃতীয় দিন শেষে ২০৮ রানে এগিয়ে আছে সিলেট। দিনভর ব্যাট করে দলটি ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করেছে। অমিত হাসান ৯৪ রানে অপরাজিত আছেন।

নাঈমের ১৩৫, তাইবুরের ৯৩

কক্সবাজারে ময়মনসিংহ ও ঢাকার ম্যাচে ড্রয়ের সম্ভাবনাই বেশি। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ ৯ উইকেটে ৩৪২ রান। এখনো ময়মনসিংহের চেয়ে ৪৫ রানে পিছিয়ে আছে দলটি।

ঢাকার অধিনায়ক মোহাম্মদ নাঈম করেছেন ১৩৫ রান। তাইবুর রহমানের ব্যাট থেকে এসেছে ৯৩ রান। ময়মনসিংহের অধিনায়ক রাকিবুল হাসান নিয়েছেন ৪ উইকেট।

সর্বশেষ