ঢাকা   বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

দুই দিনে ২,৩৪৫ কোটি টাকার আবেদন, উত্তোলন ৬৭০ কোটি

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত নিতে গ্রাহকদের চাপ কমছে

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত নিতে গ্রাহকদের চাপ কমছে

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিতে দুই দিনে ২ হাজার ৩৪৫ কোটি টাকা উত্তোলনের আবেদন জমা পড়লেও গ্রাহকেরা বাস্তবে তুলেছেন ৬৭০ কোটি টাকা। সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন শাখা থেকে প্রায় ৩৭ হাজার ৬০০ গ্রাহক টাকা তোলার আবেদন করেন। এর মধ্যে প্রায় ১৪ হাজার গ্রাহক তাদের আমানত তুলে নিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টাকা উত্তোলনের পরিমাণ কিছুটা বেড়েছে। যারা প্রথম দিন ব্যাংকে আসতে পারেননি, তাদের অনেকে দ্বিতীয় দিনে আবেদন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রাহকেরা যে পরিমাণ অর্থ উত্তোলনের দাবি জানিয়েছেন, প্রকৃত উত্তোলন তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। আবেদন অনুযায়ী গ্রাহকদের চাহিদামতো অর্থ পরিশোধ করা হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, আবেদনকারীর সংখ্যার তুলনায় প্রকৃতপক্ষে আমানত তুলে নেওয়া গ্রাহকের সংখ্যা অনেক কম।

তিনি বলেন, ব্যাংকের সামগ্রিক লেনদেন ও কার্যক্রম দেখে অনেক গ্রাহক টাকা না তুলেই ফিরে যাচ্ছেন। একই সঙ্গে বেশ কিছু শাখায় নতুন করে গ্রাহকেরা ডিপোজিট অ্যাকাউন্টও খুলছেন।

এদিকে মঙ্গলবার রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন পর নিজেদের জমানো অর্থ ফেরত নিতে গ্রাহকদের উপস্থিতি রয়েছে। সকাল থেকেই অনেকে স্বাভাবিক প্রক্রিয়ায় টাকা তুলতে পেরেছেন।

আমানত ফেরত পাওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তিও দেখা গেছে। নিজেদের সঞ্চয়ের অর্থ হাতে পাওয়ার পর অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করায় গ্রাহকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

মোট আবেদন ৭৪ হাজার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। বর্তমানে এই পাঁচ ব্যাংকের কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে পরিচালিত হচ্ছে। পাঁচ ব্যাংক মিলিয়ে শাখার সংখ্যা ৭৬১টি।

ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত হওয়ার পর পাঁচ ব্যাংকের আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের জন্য মোট ৭৪ হাজার আবেদন জমা হয়েছে। এসব আবেদনের বিপরীতে চাওয়া অর্থের পরিমাণ ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

অমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়াতে গত রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। পরে সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় প্রয়োজনীয় অর্থ পাঠানো হয়।

এর পর থেকেই গ্রাহকেরা নিয়মিত প্রক্রিয়ায় তাদের আমানত ফেরত নেওয়ার সুযোগ পাচ্ছেন। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হচ্ছে।

বর্তমানে ব্যাংকের শাখাগুলোতে টাকা উত্তোলনের পাশাপাশি স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমও চলছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, কিছু গ্রাহক আমানত তুলে নেওয়ার পরিবর্তে ব্যাংকে অর্থ রাখার সিদ্ধান্তও নিচ্ছেন। এতে গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরছে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ