বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে এক দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা। নতুন দর আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধিই দেশের বাজারে দাম বাড়ার মূল কারণ। এর আগে গতকাল শুক্রবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
দাম সমন্বয়ের আগে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। উল্লেখিত দর ভ্যাটসহ।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।
দেশের বাজারে এ বছরের ২৯ জানুয়ারি সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সেদিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়। পরে দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এলেও এরপর আবার বাড়তে শুরু করে। ফলে সামগ্রিকভাবে সোনার বাজারে এখনো উত্থান-পতন অব্যাহত রয়েছে।
বিশ্ববাজারে সোনার দামের চিত্র
আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। একই সময়ে ডলারের অবস্থানও সামগ্রিকভাবে দুর্বল রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে পারস্য উপসাগরের ভূরাজনৈতিক পরিস্থিতির চেয়ে দুর্বল ডলারের প্রভাবই সোনার দাম বাড়াতে বেশি ভূমিকা রাখছে।
লক্ষণীয় বিষয় হলো, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লেও ডলারের মূল্য তেমন শক্তিশালী হচ্ছে না। এতে আন্তর্জাতিক বাজারে ডলারে মূল্য নির্ধারিত সোনার চাহিদা ও দাম বাড়ার সুযোগ তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছিল। তবে গতকাল শুক্রবার আবার আউন্সপ্রতি ১৭ ডলার কমেছে বলে গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যে জানা গেছে। এর আগে টানা কয়েক দিন দাম কমলেও সম্প্রতি আবার বৃদ্ধির ধারা শুরু হয়েছে। সব মিলিয়ে গত ৩০ দিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ২ ডলার ৫৯ সেন্ট।
























