১১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন ২৮টি ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। কিন্তু তিন বছর পার হলেও এই পথে চলছে মাত্র ১০টি ট্রেন। অর্থাৎ সক্ষমতার তুলনায় অর্ধেকেরও কম ট্রেন চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইঞ্জিন ও কোচের সংকটের কারণে নতুন ট্রেন চালু করা যাচ্ছে না। ফলে একদিকে যাত্রীরা উন্নত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বিপুল বিনিয়োগে নির্মিত এই রেলপথ থেকে আয়ের সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারে রেল যোগাযোগ চালুর পর থেকে যাত্রীদের আগ্রহ বেড়েছে। অল্প সময়ের মধ্যেই রেলওয়ের আয়বর্ধক রুটগুলোর একটি হয়ে উঠেছে এটি। কিন্তু প্রকল্প বাস্তবায়নের আগে এই পথে যে পরিমাণ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছিল, তিন বছরেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সক্ষমতার তুলনায় কম ট্রেন চলাচল করায় পর্যটকদের অনেককে সড়কপথে যাতায়াত করতে হচ্ছে। অথচ প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে সড়কপথও ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়াতে না পারায় রেলওয়েও অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ হারাচ্ছে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই পথে আরও ট্রেন চালানোর সুযোগ রয়েছে। চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। এতে এসব অঞ্চলের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি পর্যটকদের যাতায়াত বাড়লে সংশ্লিষ্ট এলাকার পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
কিন্তু ইঞ্জিনের সংকটের কারণে এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। রেলওয়ের পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরেই প্রয়োজনের তুলনায় কম ইঞ্জিন রয়েছে। নিয়মিত ট্রেন চালাতে যেখানে ১১৫ থেকে ১১৯টি ইঞ্জিন প্রয়োজন, সেখানে সচল রয়েছে মাত্র ৭০ থেকে ৭৫টি। ইঞ্জিনের অভাবে মাঝেমধ্যে বিভিন্ন রুটে ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান বলেন, কক্সবাজার রেলপথে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। এ পথে নতুন ট্রেন চালুর পাশাপাশি অন্য রুটের ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা প্রয়োজন। এ বিষয়ে তাঁদেরও চেষ্টা রয়েছে। কিন্তু পর্যাপ্ত ইঞ্জিন ও কোচ না থাকায় পরিকল্পনা অনুযায়ী ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।
রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কক্সবাজার রেলপথে প্রতিদিন ১৪ জোড়া বা ২৮টি ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। বর্তমানে চলছে মাত্র পাঁচ জোড়া। চট্টগ্রাম থেকে একটি রেক (ইঞ্জিন ও বগিসহ ট্রেনের সেট) ব্যবহার করে দুই জোড়া ট্রেন চালানো হয়। এতে অনেক সময় ট্রেনের সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া চট্টগ্রাম থেকে চলাচলকারী ট্রেনটির আসন ও সেবার মান নিয়েও যাত্রীদের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত এতে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কেবিন বা আসনের ব্যবস্থা নেই। ফলে চট্টগ্রামের অনেক যাত্রী এই ট্রেনে যাতায়াতে আগ্রহী হন না।
অন্যদিকে ঢাকা থেকে দুই জোড়া বিরতিহীন এবং এক জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। সর্বশেষ গত ২৬ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।
আয় বাড়ানোর সুযোগ হাতছাড়া
কক্সবাজার রেলপথ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল পর্যটন শহরটির সঙ্গে রেল যোগাযোগ স্থাপন এবং যাত্রী পরিবহনের নতুন সুযোগ তৈরি করা। ২০২৩ সালের ডিসেম্বরে ট্রেন চলাচল শুরুর পর থেকেই পর্যটকদের কাছে এই রুট জনপ্রিয় হয়ে উঠেছে।
২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো থেকে প্রায় ৯৪৭ কোটি টাকা ভাড়া আদায় হয়েছে। এর মধ্যে কক্সবাজার রুটে চলাচলকারী চার জোড়া ট্রেন থেকেই আয় হয়েছে ১৪০ কোটি ৭০ লাখ টাকা। যা পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর মোট আয়ের প্রায় ১৫ শতাংশ।
ওই অর্থবছরে এই চার জোড়া ট্রেনে যাতায়াত করেছেন ২৩ লাখ ৮০ হাজার যাত্রী। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৬ হাজার ৫২১ জন যাত্রী এই রুটে চলাচল করেছেন।
আয় ও যাত্রীর এই হিসাব কক্সবাজার রেলপথের বাণিজ্যিক সম্ভাবনার প্রমাণ দেয়। এর মধ্যে মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এই রুটে ট্রেনের সংখ্যা আরও বেড়েছে। এতে বছরে অতিরিক্ত ৫০ কোটি টাকা আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু রেলপথের সক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচের অভাবে ট্রেনের সংখ্যা বাড়ানো যাচ্ছে না।
রেলওয়ের কর্মকর্তাদের মতে, ট্রেনের সংখ্যা বাড়লে শুধু টিকিট বিক্রি থেকেই আয় বাড়বে না, রেলপথের ব্যবহারও বাড়বে। পাশাপাশি কক্সবাজারে পর্যটকদের যাতায়াতের সুযোগ বাড়বে। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও পর্যটনসেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
তবে শুধু ট্রেনের সংখ্যা বাড়ালেই হবে না। এর সঙ্গে পর্যাপ্ত ইঞ্জিন, কোচ, জনবল ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়মতো ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়াতে হবে। অন্যথায় ট্রেনের সংখ্যা বাড়লেও যাত্রীসেবার মান ধরে রাখা কঠিন হবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, কক্সবাজার রুটের ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে রেলওয়েকে অন্যান্য রুটেও ট্রেন চালাতে হয়। শুধু একটি রুটকে অগ্রাধিকার দিলে হবে না। গণপরিবহন হিসেবে রেলওয়েকে সব রুটের যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিতে হয়।
তিনি বলেন, ইঞ্জিন ও কোচ কেনার প্রক্রিয়া চলছে। এগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে কক্সবাজার রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, শুধু রেললাইন নির্মাণ করলেই হয় না। সেই লাইনে ট্রেন চালাতে কতটি ইঞ্জিন, কোচ ও জনবল প্রয়োজন, তারও পরিকল্পনা থাকা দরকার। কিন্তু কক্সবাজার রেলপথ নির্মাণের সময় এসব বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
তিনি বলেন, পরিকল্পনার অভাবে শুধু যাত্রীরা বঞ্চিত হচ্ছেন না, রেলওয়েও রাজস্ব আয় বাড়ানোর সুযোগ হারাচ্ছে।
























