ঢাকা   বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

চাকরি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৬, ১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রথম দফার প্রজ্ঞাপনে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের চূড়ান্ত গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। নিয়োগের প্রজ্ঞাপন জারির আগে নির্দিষ্ট কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। রাষ্ট্রপতি পর্যন্ত নথি উপস্থাপনের প্রক্রিয়া শেষ করে সোমবার বাকি ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

এ সময় প্রার্থীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

প্রথম প্রজ্ঞাপনে ৫৭ জন বাদ

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারের চূড়ান্ত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে পিএসসির সুপারিশ পাওয়া ৬৬৮ জন প্রার্থীর মধ্যে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়।

ফলে প্রথম প্রজ্ঞাপনে ৫৭ জনের নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাদ পড়া ৫৭ জনের মধ্যে তিনজন প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে নিয়োগের জন্য প্রক্রিয়াধীন প্রার্থীর প্রকৃত সংখ্যা ৪৬ জন।

তিনি বলেন, এই ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার প্রকাশ করা হবে।

অপতথ্য না ছড়ানোর আহ্বান

সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা না করার আহ্বান জানান। তাঁর ভাষ্য, প্রকৃত তথ্য যাচাই না করে অপতথ্য ছড়ানো থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তী যাচাই-বাছাই শেষে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার ৪৬ জনের গেজেট প্রকাশ হলে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগসংক্রান্ত জটিলতার একটি গুরুত্বপূর্ণ ধাপের সমাধান হবে।

সর্বশেষ