এক মাসের মধ্যেই নির্ধারণ হতে পারে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ। ব্যাংকটিকে আর স্বতন্ত্রভাবে পরিচালনার সুযোগ থাকছে না। একীভূতকরণ, পুনর্গঠন নাকি অবসায়ন—কোন পথে নেওয়া হবে পদ্মা ব্যাংককে, সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।
গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যাংকটির সংকট মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে জানান, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংক আর স্বতন্ত্র ব্যাংক হিসেবে থাকছে না, বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে একীভূতকরণ, পুনর্গঠন নাকি অবসায়ন—কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
এর আগে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এসব ব্যাংকে বিনিয়োগের মাধ্যমে মালিকানা নেয় সরকার। এবার একই প্রক্রিয়ায় পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুরু থেকেই অনিয়মের অভিযোগ
রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
একপর্যায়ে অনিয়ম ও আর্থিক সংকটে গ্রাহকদের আস্থা হারাতে থাকে ব্যাংকটি। পরিস্থিতি সামাল দিতে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। এরপর ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। পরিবর্তন করা হয় নাম, ফারমার্স ব্যাংক থেকে রাখা হয় পদ্মা ব্যাংক।
তবে নাম পরিবর্তনেও কাটেনি সংকট। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে মূলধন সহায়তা দেয় সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ—আইসিবি।
পরবর্তী সময়ে ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে নানা উদ্যোগের পরও গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি। ২০২৪ সালের শুরুতে চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। এরপরও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা ও সুবিধা পেয়েছে ব্যাংকটি। কিন্তু তাতেও ঘুরে দাঁড়াতে পারেনি।
বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির আরও অবনতি ঘটে।
এ অবস্থায় গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন পদ্মা ব্যাংককে একীভূত করা কিংবা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ জন্য ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
এরই ধারাবাহিকতায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে উত্থাপন করা হয়। গত মঙ্গলবার সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এখন আগামী এক মাসের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে পদ্মা ব্যাংকের আমানতকারী, গ্রাহক ও সংশ্লিষ্টরা।
























