ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

যাদের শেয়ার ব্যবসা নিষিদ্ধ, তারাই জড়িত লেনদেনে!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

যাদের শেয়ার ব্যবসা নিষিদ্ধ, তারাই জড়িত লেনদেনে!

পুঁজিবাজারের স্বচ্ছতা, শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। দায়িত্ব পালনকালে ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে স্বার্থের সংঘাত তৈরি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি বিএসইসির নজরে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে কমিশন।

বিএসইসি সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের অন্যতম প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করলেও তিনি নিয়মিত শেয়ার কেনাবেচা করছেন বলে অভিযোগ রয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ওয়াজিদ হাসানের নামে পাঁচটি বিও হিসাব রয়েছে। এর মধ্যে বর্তমানে তিনটি হিসাব সক্রিয়। এসব হিসাবের মাধ্যমে তিনি শেয়ার লেনদেন করছেন বলে তথ্য পাওয়া গেছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বিআইসিএম এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ নিষিদ্ধ।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নন-কনভার্টিবল বন্ড, সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ছাড়া অন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের শেয়ার লেনদেনের অভিযোগ উঠেছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, স্বার্থের সংঘাত এড়ানো এবং দায়িত্ব পালনের সময় প্রাপ্ত সংবেদনশীল তথ্যের অপব্যবহার ঠেকাতেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে পুঁজিবাজারের নৈতিকতা ও সুশাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

অভিযোগের বিষয়ে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বলেন, চাকরিতে যোগদানের সময় শেয়ার ব্যবসার বিষয়টি জানিয়ে নিয়েছেন তিনি। ৩০ বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন বলেও জানান তিনি।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চাকরি বিধিমালায়ও কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ব্যবসার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে। বিধিমালা অনুযায়ী, ডিএসইর কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা তাদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় শেয়ার বা সিকিউরিটিজ ব্যবসায় জড়িত হতে পারবেন না। এমনকি চাকরিতে যোগদানের আগে কারও বিও হিসাব বা শেয়ার ব্যবসা থাকলে তা বন্ধ করার বাধ্যবাধকতাও রয়েছে।

তবে এসব বিধিনিষেধ অমান্য করে ডিএসইর কর্মকর্তাদের কেউ কেউ নিজের নামে কিংবা স্বজনদের নামে শেয়ার ব্যবসায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার স্ত্রীর নামে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও হিসাব চালু থাকার তথ্য পাওয়া গেছে। ওই সময় শফিকুল ইসলাম ডিএসইর লিস্টিং বিভাগে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, ওই বিও হিসাব থেকে ফু-ওয়াং ফুড, ইউনাইটেড এয়ারওয়েজ, নাভানা সিএনজি, প্রিমিয়ার লিজিং, মালেক স্পিনিং ও বিডি ওয়েল্ডিংসহ বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এসব কোম্পানির কয়েকটির শেয়ার নিয়ে অতীতে কারসাজির অভিযোগও ছিল।

এর আগে ২০১৬ সালে রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার অভিযোগ উঠেছিল শফিকুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার পর তাকে ডিএসইর লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে আর ওই বিভাগে পদায়ন করা হয়নি। এসব অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তা পাওয়া যায়নি।

অন্যদিকে মশিউর সিকিউরিটিজের অনিয়মের ঘটনায় ডিএসই ও বিএসইসির একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালের পরপরই ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের একটি পরিদর্শক দল প্রতিষ্ঠানটিতে গিয়ে ৫০ কোটি টাকার বেশি ঘাটতি শনাক্ত করে। কিন্তু এ ঘটনায় আইনি পদক্ষেপ না নিয়ে তৎকালীন পরিদর্শক দলের সদস্য বিমল চন্দ্র মণ্ডল বেনামে তিনটি বিও হিসাব খুলে শেয়ার ব্যবসায় জড়িয়েছিলেন বলে প্রতিষ্ঠানটির সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিএসই মশিউর সিকিউরিটিজে প্রায় ১০ বার পরিদর্শন চালালেও কোনো ঘাটতি বা অনিয়ম শনাক্ত করতে পারেনি। তবে ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো ব্রোকারেজ হাউসটির কাস্টমার ক্রেডিট ব্যালান্স অ্যাকাউন্টে (সিসিএ) ৩ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি শনাক্ত হয়।

এরপর ২২ অক্টোবর শর্ত আরোপ করা হলেও ২৩ অক্টোবর বিএসইসি এক চিঠিতে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করে। একই সঙ্গে ফ্রি-লিমিট সুবিধাও বহাল রাখা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৪ জুন আরেকটি চিঠির মাধ্যমে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।

পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেই যখন বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ উঠছে, তখন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।-সূত্র : আমার দেশ

সর্বশেষ