ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

২২ ব্যাংকের মূলধন ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২২ ব্যাংকের মূলধন ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি ৬৬ হাজার ১২৬ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ৩৪ হাজার ২৩ কোটি, ইউনিয়ন ব্যাংকের ৩০ হাজার ৮৬২ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯ হাজার ৯১০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ৩০ হাজার ৪৬১ কোটি এবং জনতা ব্যাংকের ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। এছাড়া ন্যাশনাল ব্যাংকের ১৭ হাজার ৪৭৪ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৬ হাজার ৭৩২ কোটি, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি, অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ৭ হাজার ৪৯২ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে।

সব মিলিয়ে দেশের ২২টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত জুন শেষে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগের মার্চ শেষে ২১টি ব্যাংকের ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা।

ব্যাংক খাতের মোট ঘাটতির মধ্যে সবচেয়ে বড় অংশই শরিয়াহভিত্তিক সাতটি ব্যাংকের। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছাড়াও এক্সিম ব্যাংকের ৩৪ হাজার ২৩ কোটি, ইউনিয়ন ব্যাংকের ৩০ হাজার ৮৬২ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯ হাজার ৯১০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৬ হাজার ৭৩২ কোটি, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৭ হাজার ৪৯২ কোটি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ২ হাজার ৯০ কোটি টাকা ঘাটতি রয়েছে।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ১৯ হাজার ৭০৭ কোটি, অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা।

বেসরকারি আট ব্যাংকের ঘাটতি ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৭ হাজার ৪৭৪ কোটি, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি, পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৬ হাজার ৭৮ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২ হাজার ৩৪৪ কোটি, ইউসিবির ১ হাজার ৭৮ কোটি এবং সিটিজেন ব্যাংকের ২৬ কোটি টাকা।

বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ৩০ হাজার ৪৬১ কোটি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২ হাজার ৯৫৭ কোটি টাকা। এছাড়া বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঘাটতি ৪ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় মূলধন ঘাটতি বাড়ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিতরণ করা ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে ব্যাংকগুলোর মুনাফা কমছে। অনেক ব্যাংক লোকসানে পড়ায় মূলধনও ক্ষয় হচ্ছে।

এদিকে, গত জুন শেষে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার বা সিআরএআর ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে নেমে এসেছে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। অথচ বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপি ঋণের বিপরীতে বেশি প্রভিশন সংরক্ষণ করতে হয়। এতে মুনাফা কমে যায় এবং লোকসানের কারণে ব্যাংকের মূলধন ক্ষয় হয়। ফলে খেলাপি ঋণ বাড়ার সঙ্গে মূলধন ঘাটতিও বাড়তে থাকে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক এজাজুল ইসলাম বলেন, সব ব্যাংকের পরিস্থিতি এক নয়। অনেক ভালো বেসরকারি ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। তবে পদ্মা, ইউনিয়ন ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের মূলধন পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এ সংকট কাটাতে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, মূলধন পুনর্গঠন, নতুন মূলধন সংযোজন এবং দুর্নীতি বন্ধ করতে হবে।

অন্যদিকে, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ জানিয়েছেন, গত জুনে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৩৪ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ৩০ শতাংশের নিচে নেমেছে। একই সময়ে ব্যাংকটির মূলধন পরিস্থিতিরও উন্নতি হয়েছে।

সর্বশেষ