দীর্ঘ ১৬ বছর পর দেশের শেয়ারবাজারে আবারও চালু হচ্ছে সরাসরি তালিকাভুক্তির সুযোগ। নতুন বিধিমালার আওতায় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বহুজাতিক কোম্পানি ও দেশীয় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এতে ভালো মানের কোম্পানির তালিকাভুক্তি বাড়ার পাশাপাশি বাজারে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির প্রত্যাশা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এ লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরাসরি তালিকাভুক্তি-সংক্রান্ত নতুন বিধিমালার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। পাশাপাশি যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানায় রয়েছে, তারাও এ সুযোগ পাবে।
এ ছাড়া সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন বহুজাতিক কোম্পানির জন্যও খুলেছে তালিকাভুক্তির পথ। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদ রয়েছে—এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিও এ প্রক্রিয়ায় আসতে পারবে। বার্ষিক ব্যবসায়িক লেনদেন বা টার্নওভার কমপক্ষে ১ হাজার কোটি টাকা—এমন কোম্পানিও সরাসরি তালিকাভুক্তির যোগ্য হবে।
তবে দেশীয় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। কোম্পানিকে অন্তত পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে এবং সর্বশেষ দুই অর্থবছরে মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে মুনাফা করতে হবে। তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। পাশাপাশি মার্চেন্ট ব্যাংকারের পরামর্শে নির্ধারিত রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম দামে শেয়ার অফার করতে হবে।
সরাসরি তালিকাভুক্তির বড় সুবিধা হলো, নতুন শেয়ার ইস্যু না করেও বিদ্যমান শেয়ার বিক্রির মাধ্যমে বাজারে প্রবেশ করতে পারবে কোম্পানিগুলো। এতে আইপিওর দীর্ঘ প্রক্রিয়া ও জটিলতা এড়িয়ে তুলনামূলক দ্রুত তালিকাভুক্তির সুযোগ তৈরি হবে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ার জানিয়েছেন, নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তবে বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে বিদেশের প্রধান কার্যালয়ের অনুমোদনসহ দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতে পারে। তিনি আশা করছেন, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি নতুন কোম্পানির তালিকাভুক্তি দেখা যাবে।
এদিকে, শেয়ারবাজার আধুনিকায়নে আরও কয়েকটি উদ্যোগ নিচ্ছে ডিএসই। এর মধ্যে রয়েছে বন্ডবাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং লেনদেন নিষ্পত্তির সময় কমানো। আগামী ডিসেম্বরের মধ্যে লেনদেনের পরদিনই নিষ্পত্তির ব্যবস্থা বা টি+১ চালুর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে সরাসরি তালিকাভুক্তি চালু এবং লেনদেন নিষ্পত্তি ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগে দেশের শেয়ারবাজারে নতুন গতি ফেরানোর প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত কতগুলো ভালো মানের কোম্পানি তালিকাভুক্ত হয়, সেটিই হবে এই উদ্যোগের বাস্তব সাফল্যের অন্যতম মাপকাঠি।
























