ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সাভার-আশুলিয়া-গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধে শ্রমিকরা

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সাভার-আশুলিয়া-গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধে শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক অধ্যুষিত অঞ্চল। টানা পঞ্চম দিনের মতো বৃহস্পতিবারও কাজে যোগ দিতে এসে ফিরে গেছেন গাজীপুরের হাজারো পোশাকশ্রমিক। বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক কারখানা। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অন্তত পাঁচটি পোশাক কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। এতে কারখানায় কাজে যোগ দিতে আসা হাজারো শ্রমিক বাড়ি ফিরে যান।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত বেতন বাড়াতে হবে। একজন শ্রমিক বলেন, ৩০ হাজার টাকা বেতন চাওয়া কোনো অপরাধ নয়। দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বাড়লেও সে অনুযায়ী আয় বাড়ছে না।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দিন বুধবার ৫০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাভার মডেল থানা-পুলিশ পাঁচজন এবং আশুলিয়া থানা-পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাভার ও আশুলিয়ার ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে শ্রম আইন অনুযায়ী ২৯টি কারখানা বন্ধ, ১০টিতে সাধারণ ছুটি, ১৭টিতে শ্রমিকরা উপস্থিত থাকলেও কাজ করেননি। এছাড়া কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে আরও পাঁচটি কারখানায়।

তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ায় নতুন করে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে একদিকে কারখানা বন্ধ, অন্যদিকে সড়ক অবরোধ ও গ্রেপ্তারের ঘটনায় দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পাঞ্চলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ