শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। টানা দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনার ১(ক) ধারা অনুযায়ী কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। ওই দিন থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে ২২ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ার কেনার বিপরীতে কোনো ঋণসুবিধা দিতে পারবে না স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা। বিএসইসির মার্জিন বিধিমালা, ২০২৫-এর বিধি ১০(২) অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে ডিএসই।
ফলে ক্যাটাগরি পরিবর্তনের পাশাপাশি লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারে মার্জিন ঋণ সুবিধাও বন্ধ হতে যাচ্ছে। এতে কোম্পানিটির শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে নতুন করে প্রভাব পড়তে পারে।
























