সোনার দাম দ্রুত কমছে। এতে অনেকেই নতুন করে সোনার অলংকার কেনার কথা ভাবছেন। তবে দাম কমায় লোকসানের মুখে পড়েছেন আগে বেশি দামে সোনা কেনা ক্রেতারা।
দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা, যা এক দিনে সর্বোচ্চ দরপতন। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। গত ১৩ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন দাম।
দেশের বাজারে সোনার দাম কমার মূল কারণ বিশ্ববাজারে দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়ায় ৩ হাজার ৫৭০ ডলারে। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম। অর্থাৎ ১৪ মাসের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম এত নিচে নামেনি।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
তবে সোনার দাম হঠাৎ করেই সাড়ে তিন হাজার ডলারে নেমে আসেনি। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম কমতে শুরু করে। চলতি মাসে এই দরপতনের গতি আরও বেড়েছে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমছে। ফলে এসব ধাতুর দাম কমছে।
দেশে ১১ বার দাম সমন্বয়, কমেছে আটবার
দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। এর মধ্যে আটবার দাম কমেছে এবং তিনবার বেড়েছে।
শুক্রবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
একই দিনে রুপার দামও ভরিতে ৩৫০ টাকা কমানো হয়েছে।
দাম কমায় ব্যবসা বাড়ার প্রত্যাশা
স্বাধীনতাযুদ্ধের সময় দেশে প্রতি ভরি সোনার দাম ছিল মাত্র ১৭০ টাকা। গত জানুয়ারিতে সেই দাম বেড়ে দাঁড়ায় প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। অর্থাৎ ১৭০ টাকার সোনা বেড়ে হয়েছে প্রায় ১ হাজার ৬৮২ গুণ।
বাজুসের তথ্য অনুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরের পাঁচ বছরে তা দ্বিগুণ হয়। ২০১০ সালে দাম বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব বেশি না বাড়লেও পরবর্তী পাঁচ বছরে ভরিতে বাড়ে ২৬ হাজার ৮৫২ টাকা।
করোনার পর সোনার দাম দ্রুত বাড়তে থাকে। ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো এক লাখ টাকা ছাড়ায়। গত বছরের অক্টোবরে তা দুই লাখ টাকার মাইলফলক অতিক্রম করে। এরপর গত জানুয়ারিতে দাম তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়।
সোনার অতিরিক্ত দামের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দেয়। তবে এখন দাম কমতে থাকায় ব্যবসায়ীরা আবার বিক্রি বাড়ার আশা করছেন।
জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে দীর্ঘদিন ধরে সোনার দাম অতিমূল্যায়িত ছিল। প্রতি আউন্স সোনা খনি থেকে উত্তোলনে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এর সঙ্গে এক হাজার ডলার মুনাফা যোগ করলে দাম হওয়া উচিত ৩ হাজার ২০০ ডলার। এখন মূলত সোনার দাম সংশোধন হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে। তাই সোনার দাম আবার বাড়তে সময় লাগতে পারে।
সামনে বিয়ের মৌসুম। দীর্ঘদিন ধরে সোনার দাম বেশি থাকায় অনেক ক্রেতা অলংকার কেনা থেকে বিরত ছিলেন। এখন দাম কমায় বেচাকেনা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
























