ঢাকা   শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

২২ প্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ কোটি টাকা ফেরত দিতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬, ২১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২২ প্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ কোটি টাকা ফেরত দিতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ

আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া বেক্সিমকো লিমিটেডের ৩ হাজার কোটি টাকার গ্রিন সুকুক বন্ডের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদ শেষ হওয়ার আগে খেলাপি হওয়ার ঝুঁকি এড়াতে এবং ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আটকে থাকা ২ হাজার ৮০০ কোটি টাকার বেশি বিনিয়োগ ফেরত পাওয়ার সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে বন্ডটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিএসইসির কাছে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে সুকুকের মেয়াদ আরও ছয় বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করার কথা বলা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে এক বৈঠকে বিএসইসি মেয়াদ বাড়ানোর জন্য কিছু শর্ত উল্লেখ করে আইসিবিকে সংশোধিত প্রস্তাব জমা দিতে বলেছে। প্রস্তাবটি পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২১ সালে দেশের প্রথম বেসরকারি খাতের সম্পদভিত্তিক ইসলামি বন্ড হিসেবে বেক্সিমকোর গ্রিন সুকুক ইস্যু করা হয়। তিস্তা সোলার ও করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের পাশাপাশি টেক্সটাইল খাতের সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা হয়।

তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপ বড় ধরনের সংকটে পড়ে। একাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং নগদ অর্থের সংকটের কারণে সুকুকের অর্থ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বন্ডটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এ পরিস্থিতিতে সুকুকের ভবিষ্যৎ নিয়ে আইসিবি ও বেক্সিমকোর সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। বৈঠকে আইসিবি বন্ডটির বকেয়া দায়, সিংকিং ফান্ডের পরিমাণ এবং পরিচালনাগত সমস্যাগুলো তুলে ধরে। প্রতিষ্ঠানটির মতে, মেয়াদ বাড়ানো হলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে এবং বন্ডটি খেলাপি হিসেবে শ্রেণিকৃত হওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি সুকুকের বর্তমান ৯ শতাংশ কুপন হার বাড়ানোর প্রস্তাবও দিয়েছে আইসিবি।

অন্যদিকে, তারল্য সংকট ও মূল ব্যবসা বন্ধ থাকার কারণে বেক্সিমকোও বন্ডটির মেয়াদ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে প্রতি মাসে প্রায় ৫০ কোটি টাকা আয় করছে।

বেক্সিমকো গ্রুপের এক কর্মকর্তা বলেন, তীব্র তারল্য সংকটের কারণে আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হলে সুকুকধারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে না। তবে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প চালু থাকায় নিয়মিত আয় হচ্ছে। বিএসইসি মেয়াদ বাড়ানোর অনুমতি দিলে সেই আয় থেকে বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা সম্ভব হবে। এতে সব পক্ষই উপকৃত হবে।

জমি বন্ধক রাখার শর্ত দিতে পারে বিএসইসি

সুকুকের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে নতুন কিছু কঠোর শর্ত আরোপ করতে পারে বিএসইসি। এর মধ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের জমি বন্ধক রাখা অথবা আইসিবির অনুকূলে আমমোক্তারনামা দেওয়ার বিষয়টি রয়েছে।

সম্পদভিত্তিক বন্ড হিসেবে সুকুক ইস্যু করা হলেও আইসিবির সঙ্গে করা ট্রাস্ট ডিডে প্রকল্পের জমি বন্ধক রাখার শর্ত ছিল না। জমি নিবন্ধন ও হস্তান্তরের উচ্চ খরচের কারণে এতদিন তা বন্ধক রাখা হয়নি। ফলে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আইসিবির এক কর্মকর্তা জানান, বেক্সিমকোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিএসইসি মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। আইনি জটিলতার কারণে ট্রাস্টি চাইলেও বর্তমানে সম্পদ বিক্রি করে অর্থ আদায় করতে পারছে না। এ অবস্থায় মেয়াদ বাড়ানো হলে বন্ডটি খেলাপি হওয়া এড়াতে পারে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও বড় অঙ্কের প্রভিশন সংরক্ষণের চাপ থেকে রক্ষা পেতে পারে।

৩ হাজার কোটি টাকার সুকুকের অর্থ কোথায় গেছে

২০২১ সালে বেক্সিমকো লিমিটেড গ্রিন সুকুক ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করে ২ হাজার ৪৩৯ কোটি টাকা। আর সাধারণ বিনিয়োগকারীরা আইপিওর মাধ্যমে বিনিয়োগ করেন ৫৫৮ কোটি টাকা।

সংগৃহীত অর্থের মধ্যে তিস্তা সোলার প্রকল্পে ২ হাজার ১৫৫ কোটি টাকা, করতোয়া সোলার প্রকল্পে ৩৯ কোটি টাকা এবং টেক্সটাইল খাতের সম্প্রসারণে ৮০৬ কোটি টাকা ব্যয় করা হয়।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেক্সিমকো গ্রুপের ব্যবসায় বড় ধরনের সংকট দেখা দেয়। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপটির প্রায় এক ডজন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ ছাড়া গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান একাধিক মামলায় কারাগারে থাকায় প্রতিষ্ঠানটি আরও সংকটে পড়ে।

অন্যদিকে, অস্থিরতার সময় ট্রান্সফরমার ও সাইট অফিস আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩০ মেগাওয়াট ক্ষমতার করতোয়া সৌরবিদ্যুৎ প্রকল্পটি এখনো চালু করা সম্ভব হয়নি। টেক্সটাইল খাতের কার্যক্রম বন্ধ থাকায় গ্রুপটির নিয়মিত আয়ের উৎসও সীমিত হয়ে পড়েছে।

বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো সচল রাখতে উদ্যোগ

সুকুকের মেয়াদ বাড়ানোর আলোচনার পাশাপাশি বেক্সিমকোর সচল প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসইসি তালিকাভুক্ত বেক্সিমকো কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমতি দিয়েছে। পাশাপাশি জব্দ থাকা বিও হিসাব খুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বিশেষ শর্তে শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজিকে ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে।

সর্বশেষ