ঢাকা   শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংকে সৌদি বিনিয়োগের প্রস্তাব, গভর্নরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২০ নভেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে সৌদি বিনিয়োগের প্রস্তাব, গভর্নরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

সম্মিলিত ইসলামী ব্যাংকে কৌশলগত অংশীদার হতে সৌদি আরবকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার। ব্যাংকটির মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় এবং সুশাসন প্রতিষ্ঠায় বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি।

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগের পথ তৈরি করবে এই কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রাথমিক মূল্যায়ন করেছে সৌদি আরব। বাংলাদেশের বাজার, ইসলামি ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি এবং সরকারের পুনঃমূলধনীকরণ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটি। তবে ব্যাংকটির খেলাপি ঋণ, সম্পদের মান, মূলধন ঘাটতি, প্রভিশন সংরক্ষণ এবং করপোরেট সুশাসন নিয়ে উদ্বেগ রয়েছে সৌদি কর্তৃপক্ষের।

এ পরিস্থিতিতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, শেয়ার মালিকানার কাঠামো, বিনিয়োগের শর্ত এবং সরকারের বিনিয়োগ করা মূলধনের স্বার্থ সুরক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, ব্যাংকটির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি বিনিয়োগ নিশ্চিত করতে পাঁচ সদস্যের কমিটি কাজ করবে।

উল্লেখ্য, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়ার কথা রয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, সরকারের সহযোগিতায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে পাঁচটি ব্যাংক একীভূত করে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করায় স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগছে। বিদেশি বিনিয়োগ এলে ব্যাংকটির সামগ্রিক কার্যক্রমে বড় পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি।