দেশের পুঁজিবাজারে বড় মূলধনি, অবকাঠামোগত ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির পথ সহজ করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন প্রস্তাবে বড় কোম্পানির মুনাফার শর্ত শিথিল, কম শেয়ার ছেড়ে বেশি মূলধন উত্তোলন এবং বিদ্যমান শেয়ার বিক্রির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আইপিওতে সাধারণ ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর সংশোধিত খসড়া প্রকাশ করেছে বিএসইসি। খসড়ার ওপর সর্বসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের লিখিত মতামত আহ্বান করা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা ও পানি সরবরাহের মতো খাতের বড় অবকাঠামোগত প্রতিষ্ঠানকে ‘ক্যাপিটাল-ইনটেনসিভ কোম্পানি’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এসব কোম্পানির আইপিওতে আসার ক্ষেত্রে মুনাফার বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
সাধারণ নিয়মে আইপিও আবেদনের সময় সর্বশেষ আর্থিক বছরে মুনাফায় থাকা বাধ্যতামূলক। তবে ন্যূনতম ৫০০ কোটি টাকা সম্পদ রয়েছে—এমন মূলধননিবিড়, নিয়ন্ত্রিত ও নতুন গ্রিনফিল্ড কোম্পানিকে এ শর্ত থেকে ছাড় দিতে পারবে বিএসইসি। তবে তালিকাভুক্তির দুই বছরের মধ্যে মুনাফায় ফেরার কর্মপরিকল্পনা জমা দিতে হবে।
বড় কোম্পানির জন্য শেয়ার ছাড়ার বাধ্যবাধকতাও কমানোর প্রস্তাব করা হয়েছে। কোনো কোম্পানির প্রাক-আইপিও নিট সম্পদ ৫০০ কোটি টাকা বা তার বেশি হলে প্রচলিত ১০ শতাংশের পরিবর্তে মাত্র ৫ শতাংশ শেয়ার ছেড়েই আইপিওতে আসার সুযোগ দেওয়া যাবে।
এ ছাড়া যেসব কোম্পানির বার্ষিক টার্নওভার বা মোট সম্পদ ৫০০ কোটি টাকার বেশি, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নিবন্ধিত এবং নিট সম্পদ কমপক্ষে ৩০০ কোটি টাকা, অথবা সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন—তারা নতুন শেয়ার ইস্যু ও বিদ্যমান শেয়ার বিক্রির সমন্বয়ে ‘হাইব্রিড মোডে’ পুঁজিবাজারে আসতে পারবে।
সরকারি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প এবং বিদেশি সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে আইপিও আবেদনের আগের দুই বছরে মূলধন উত্তোলনের ওপর প্রচলিত বিধিনিষেধ থেকেও ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে।
আইপিওতে বিনিয়োগকারীদের কোটা বণ্টনেও পরিবর্তন আসছে। প্রস্তাবিত সংশোধনীতে উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটা পুরোপুরি বাতিলের কথা বলা হয়েছে। অন্যদিকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের কোটা ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কোটা ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কোটা ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং কোম্পানির কর্মচারীদের কোটা ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ক্ষেত্রেও লক-ইন শিথিলের প্রস্তাব রয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশ প্রথম দিন থেকেই লেনদেনযোগ্য হবে। বাকি শেয়ারের ২৫ শতাংশ ৬০ দিন এবং অবশিষ্ট ২৫ শতাংশ ৯০ দিনের জন্য লক-ইনের আওতায় থাকবে।
অন্যদিকে আইপিওর আর্থিক তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে আবেদন জমা দেওয়ার আগেই বিএসইসির প্যানেলভুক্ত নিরপেক্ষ নিরীক্ষক দিয়ে প্রি-আইপিও ভেরিফিকেশন অডিট বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া সাধারণ ও প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের লটারি প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার পাশাপাশি এর অ্যালগরিদম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েটের মাধ্যমে পরীক্ষা করানোর বিধান যুক্ত করা হয়েছে।
বিএসইসির এ উদ্যোগ কার্যকর হলে বড় মূলধনি, অবকাঠামোগত ও বহুজাতিক কোম্পানির পুঁজিবাজারে আসার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারে ভালো মৌলভিত্তির কোম্পানির সংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।






















