ঢাকা   শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

কর ও জ্বালানি খাতে সংস্কার হলে ২০৩৫ সালে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ হবে: বিশ্বব্যাংক

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮, ২১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

কর ও জ্বালানি খাতে সংস্কার হলে ২০৩৫ সালে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ হবে: বিশ্বব্যাংক

কর ও জ্বালানি খাতে ব্যাপক সংস্কার করা হলে ২০৩৫ অর্থবছর নাগাদ বাংলাদেশের গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। তবে সংস্কার সীমিত থাকলে প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশে আটকে থাকতে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসক্যাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট, অ্যান্ড জবস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০৩৪-৩৫ অর্থবছর নাগাদ বাংলাদেশের মোট রাজস্ব ও জিডিপির অনুপাত বর্তমানের ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। একই সময়ে কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬ শতাংশ হতে পারে। এতে উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার জন্য সরকারের হাতে অতিরিক্ত অর্থ থাকবে।

বিশ্বব্যাংকের মতে, দুর্বল রাজস্ব আদায়, ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সরকারের আর্থিক সক্ষমতা কমিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে বের হতে কর ব্যবস্থার সংস্কার, কর অব্যাহতি কমানো, ভ্যাট আদায় বাড়ানো এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণে পরিবর্তন আনা প্রয়োজন।

রাজস্ব আদায়ে পিছিয়ে বাংলাদেশ

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য কর-জিডিপি অনুপাত অন্তত ১৫ শতাংশ হওয়া প্রয়োজন। অথচ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে এই অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। গত এক দশকে গড় কর-জিডিপি অনুপাত ছিল ৭ দশমিক ৪ শতাংশ।

রাজস্ব আদায়ের এই দুর্বলতার পেছনে কর ব্যবস্থার সীমাবদ্ধতা, করদাতার সংখ্যা কম, প্রশাসনিক অদক্ষতা এবং ব্যাপক কর অব্যাহতিকে দায়ী করেছে সংস্থাটি।

বর্তমানে বাংলাদেশের মোট রাজস্বের প্রায় ৭০ শতাংশ আসে ভ্যাটসহ বিভিন্ন পরোক্ষ কর থেকে। অন্যদিকে আয়করসহ প্রত্যক্ষ করের অবদান মাত্র ২৬ থেকে ২৯ শতাংশ। বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের মতো অর্থনীতির জন্য এই কর কাঠামো ভারসাম্যপূর্ণ নয়।

প্রতিবেদনে ভ্যাট আদায়ের বড় ঘাটতির কথাও তুলে ধরা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য ভ্যাট আদায় ও প্রকৃত আদায়ের ব্যবধান ছিল প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা। এটি ওই অর্থবছরের প্রকৃত ভ্যাট আদায়ের তিন গুণেরও বেশি।

এ ছাড়া দেশের ব্যক্তিদের মধ্যে মাত্র ৭ শতাংশের টিআইএন রয়েছে। তাদের মধ্যে ৪০ শতাংশেরও কম আয়কর দেন। অন্যদিকে, করপোরেট আয়করের বড় অংশ আসে টেলিযোগাযোগ, তামাক ও ব্যাংকিং খাতের অল্পসংখ্যক প্রতিষ্ঠান থেকে।

বিশ্বব্যাংক বলছে, বিভিন্ন ধরনের কর অব্যাহতি ও প্রণোদনাও রাজস্ব আদায় কমিয়ে দিচ্ছে। ২০২১-২২ অর্থবছরে এসব সুবিধার আর্থিক মূল্য ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ। যা ওই বছরের মোট কর রাজস্বের প্রায় সমান। তাই বিনিয়োগ ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা নেই—এমন কর অব্যাহতি ও প্রণোদনা পর্যায়ক্রমে বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাড়ছে ভর্তুকির চাপ

প্রতিবেদনে বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকিকে সরকারের ব্যয়ের অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ছিল ৭২ বিলিয়ন টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৬ বিলিয়ন টাকা। এর মধ্যে ৭১ শতাংশ বা ৫৯৬ বিলিয়ন টাকা পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সংস্থাটির মতে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও সঞ্চালন ও বিতরণ অবকাঠামো সেই অনুযায়ী উন্নত হয়নি। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধান, গ্যাসের সংকট, পুরোনো বিদ্যুৎকেন্দ্র এবং অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে ভর্তুকির চাপ বাড়ছে।

এ সমস্যা সমাধানে বিদ্যুতের দাম নির্ধারণে ব্যয়ভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতি চালু, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা ও সক্ষমতা বাড়ানো এবং গ্যাসের দাম নিয়মিত পর্যালোচনার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

পাশাপাশি অদক্ষ বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা কমানো, বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে।

তবে ভর্তুকি কমানোর ক্ষেত্রে দরিদ্র মানুষের সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। এ জন্য সবার জন্য ভর্তুকি না দিয়ে প্রকৃত দরিদ্র ও ঝুঁকিতে থাকা পরিবারকে সরাসরি নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্কার হলে বাড়বে রাজস্ব, কমবে বাজেট ঘাটতি

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, কর আদায় বাড়ানো এবং জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি কমানো গেলে ২০৩৪-৩৫ অর্থবছর নাগাদ জিডিপির ১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব।

সংস্কার বাস্তবায়িত হলে ওই অর্থবছরে মোট রাজস্ব-জিডিপি অনুপাত ১৪ দশমিক ৪ শতাংশ এবং কর-জিডিপি অনুপাত ১২ দশমিক ৬ শতাংশ হতে পারে। অন্যদিকে, সংস্কার সীমিত থাকলে এই হার যথাক্রমে ১০ শতাংশ ও ৯ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে।

একইভাবে সংস্কার বাস্তবায়িত হলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত হতে পারে। এর মধ্যে মূলধনী ব্যয় হবে ৬ শতাংশ। ভর্তুকির পরিমাণ কমে জিডিপির ১ শতাংশে নেমে আসতে পারে। এতে বাজেট ঘাটতি কমে ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে।

অন্যদিকে, সংস্কার সীমিত থাকলে সরকারি ব্যয় জিডিপির ১৫ শতাংশ, মূলধনী ব্যয় সাড়ে ৪ শতাংশ এবং বাজেট ঘাটতি ৫ শতাংশ হতে পারে।

সব মিলিয়ে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত সময়ে সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে। আর সংস্কার সীমিত থাকলে তা ৪ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে।

কর প্রশাসনে যেসব পরিবর্তনের সুপারিশ

রাজস্ব আদায় বাড়াতে করনীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব আলাদা করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। এ জন্য প্রয়োজনীয় আইন পুনরায় সংসদে উপস্থাপন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা বাড়ানো এবং আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার কথা বলা হয়েছে।

এ ছাড়া সব করদাতার জন্য সমন্বিত টিআইএন ব্যবস্থা, অনলাইনে কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ বাড়ানো এবং ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে।

ভ্যাটের সাধারণ হার ১৫ শতাংশে একীভূত করা, ভ্যাটের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট পুরোপুরি কার্যকর করা এবং দরিদ্র ৪০ শতাংশ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও সেবার বাইরে ভ্যাট অব্যাহতি সীমিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পাশাপাশি সম্পত্তি করের আওতা বাড়ানো, কর অব্যাহতি পর্যালোচনা এবং রপ্তানি ও রেমিট্যান্সে দেওয়া প্রণোদনা পর্যায়ক্রমে কমানোর কথা বলা হয়েছে।

উন্নয়ন ও সামাজিক খাতে কমছে সরকারি ব্যয়

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আদায় কম হওয়ায় সরকার উন্নয়ন ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ২০২১-২২ অর্থবছরে মোট সরকারি ব্যয় ছিল জিডিপির ১৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১১ দশমিক ৪ শতাংশে নেমেছে।

একই সময়ে মূলধনী ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২ দশমিক ৮ শতাংশ হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বাংলাদেশের এই ব্যয় অনেক কম।

স্বাস্থ্য ও শিক্ষা খাতেও সরকারি বরাদ্দ কম। ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ এবং শিক্ষা খাতে ১ দশমিক ৫ শতাংশ। অথচ সমপর্যায়ের দেশগুলোতে শিক্ষা খাতে গড় ব্যয় জিডিপির ৩ শতাংশ।

অন্যদিকে, ঋণের সুদ পরিশোধেও সরকারের ব্যয় বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৭ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৪ শতাংশ হয়েছে।

এ ছাড়া সামাজিক সুরক্ষা খাতে ব্যয়ও কমেছে। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ১ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে শূন্য দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

সংস্কার বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

বিশ্বব্যাংকের প্রতিবেদনের বিষয়ে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে এসব সংস্কারের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুপারিশগুলো বাস্তবায়ন করা।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসরুর রিয়াজ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সরকারের রাজস্ব সক্ষমতা বাড়ানো অন্যতম প্রধান অগ্রাধিকার।

অন্যদিকে, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, বিশ্বব্যাংকের এসব সুপারিশ নতুন নয়। দীর্ঘদিন ধরেই রাজস্ব আদায় বাড়ানো, সরকারি ব্যয়ের মান উন্নত করা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর কথা বলা হচ্ছে।

তিনি বলেন, কী করতে হবে তা সবাই জানে। আসল চ্যালেঞ্জ হলো এসব সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করা।

বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে শুধু সরকারি ব্যয় বাড়ালেই হবে না। রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাঠামোগত সংস্কার জরুরি। এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন করা গেলে বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

সর্বশেষ