বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য নিয়ম শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার সনদ (ডিটিএ সনদ) সংগ্রহে প্রক্রিয়াগত জটিলতার কারণে ডিভিডেন্ড দিতে দেরি হলে কোম্পানিগুলোকে আর বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না।
বিএসইসির নতুন নির্দেশনা অনুযায়ী, এনবিআর থেকে প্রয়োজনীয় ডিটিএ সনদ পাওয়ার ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধ করতে হবে। তবে সনদ সংগ্রহে বৈধ প্রক্রিয়াগত জটিলতার কারণে দেরি হলে তা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে না।
এ বিষয়ে ২০২১ ও ২০২৪ সালে জারি করা দুটি নির্দেশনায় সংশোধনী এনেছে বিএসইসি। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে কমিশনের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এনবিআর থেকে প্রয়োজনীয় সনদ সংগ্রহে বিলম্ব ও প্রশাসনিক জটিলতার কারণে তালিকাভুক্ত কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগকারীদের সময়মতো ডিভিডেন্ড দিতে সমস্যায় পড়ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিয়ম শিথিলের সিদ্ধান্ত নেয় কমিশন।
নতুন নির্দেশনায় ডিভিডেন্ড বিতরণ-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। নিয়মিত ডিভিডেন্ড বিতরণ শেষ হওয়ার সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিগুলোকে বিএসইসি ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি প্রতিবেদনটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।
অন্যদিকে, বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধ শেষ হওয়ার সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে পৃথক প্রতিবেদন জমা দিতে হবে।
নতুন সিদ্ধান্তের ফলে ডিটিএ সনদ সংগ্রহে বৈধ প্রক্রিয়াগত জটিলতার কারণে ডিভিডেন্ড পরিশোধে বিলম্ব হলে কোম্পানিগুলো আর স্বয়ংক্রিয়ভাবে বিধি লঙ্ঘনের দায়ে পড়বে না।
























