বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের উৎপাদন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগে একের পর এক অসংগতি খতিয়ে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির মূল ডাইং ইউনিট বন্ধ, আর্থিক ব্যয় ১৭৭ শতাংশ বৃদ্ধি এবং সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অবলোপনের বিষয়টি তদন্তের আওতায় এসেছে।
এ ছাড়া মজুত পণ্যের হিসাব, বিনিয়োগকারীদের অনাদায়ী ডিভিডেন্ড এবং কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসায়িক সক্ষমতা নিয়েও অনুসন্ধান করবে নিয়ন্ত্রক সংস্থাটি। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা এবং সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম ও মিজানুর রহমান।
সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এ তদন্তের আদেশ জারি করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বিএসইসির তদন্তের অন্যতম বিষয় কোম্পানিটির প্রধান ডাইং ইউনিট বন্ধ হয়ে যাওয়া। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উৎপাদন ইউনিটটি বন্ধ থাকার তথ্য উঠে এসেছে। কেন উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছে, সংশ্লিষ্ট সম্পদ কীভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং এর প্রভাবে কোম্পানির উৎপাদন ও মুনাফায় কী ধরনের ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখবে কমিটি।
একই সঙ্গে পরিচালন কার্যক্রম থেকে ঋণাত্মক নগদ প্রবাহ তৈরি এবং ডাইং ইউনিট বন্ধ হওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের যথাসময়ে মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে জানানো হয়েছিল কি না, তাও যাচাই করা হবে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে আরেকটি উদ্বেগজনক বিষয় হচ্ছে আর্থিক ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে এমএল ডাইংয়ের আর্থিক ব্যয় আগের তুলনায় ১৭৭ শতাংশ বেড়েছে। এই ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিএসইসি।
এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও আরএন স্পিনিং মিলস লিমিটেডে কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অবলোপনের বিষয়টিও তদন্ত করা হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবমান আইএএস ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করবে কমিটি।
মজুত পণ্যের হিসাবেও নজর দিচ্ছে বিএসইসি। ২০২৫ সালের ৩০ জুনের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে যে পরিমাণ মজুত পণ্য দেখানো হয়েছে, বাস্তবে তার সঙ্গে হিসাবের মিল রয়েছে কি না, তা যাচাই করা হবে। এ জন্য নিরীক্ষকের কাছ থেকে মজুত পণ্যের হিসাবসংক্রান্ত বিস্তারিত কার্যপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিনিয়োগকারীদের দাবি না করা ডিভিডেন্ডের অর্থ নিয়েও অনুসন্ধান হবে। এসব অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তরের ক্ষেত্রে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম হয়েছে কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসায়িক সক্ষমতাও তদন্তের আওতায় আনা হয়েছে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে এমএল ডাইং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না এবং প্রতিষ্ঠানটির ‘গোয়িং কনসার্ন’ বা ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা ঝুঁকিতে রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে।
এ ছাড়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আইনগত ও নিয়ন্ত্রকসংক্রান্ত অংশে বর্তমানে কার্যকর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর পরিবর্তে পুরোনো ১৯৮৭ সালের বিধিমালা উল্লেখ করার কারণও অনুসন্ধান করবে কমিশন। এ বিষয়ে নিরীক্ষকের ব্যাখ্যা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১০ আগস্ট ২০২৬ তারিখের প্রতিবেদনে এমএল ডাইং সম্পর্কে উঠে আসা পর্যবেক্ষণও তদন্তের আওতায় থাকবে।
সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে কোনো অনিয়ম বা আর্থিক অসংগতি পাওয়া গেলে তা চূড়ান্ত প্রতিবেদনে তুলে ধরবে তদন্ত কমিটি। ফলে এমএল ডাইংয়ের উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে বিনিয়োগ, আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই তদন্তের ফলাফলের দিকে নজর রাখছেন পুঁজিবাজারসংশ্লিষ্টরা।






















