দেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস চালু হলেও রাতারাতি বড় লেনদেনের প্রত্যাশা করা ঠিক হবে না। বাজারে উল্লেখযোগ্য লেনদেন গড়ে উঠতে প্রায় এক দশকও লাগতে পারে। এ জন্য বিনিয়োগকারীদের প্রশিক্ষণ, সচেতনতা ও শক্তিশালী মার্কেট মেকার প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর উদ্যোগ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বাজারে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে বাজারে বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে। তবে শুরুতে সরাসরি পণ্য সরবরাহ নয়, নগদ নিষ্পত্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে।
মাসুদ খান বলেন, নতুন বাজার চালুর পরপরই বড় লেনদেন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) উল্লেখযোগ্য লেনদেন গড়ে উঠতে প্রায় এক দশক সময় লেগেছে। বাংলাদেশের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।
তিনি বলেন, বাজার সচল রাখতে শক্তিশালী মার্কেট মেকার থাকা জরুরি। কারণ অনেক সময় ক্রেতা থাকলেও বিক্রেতা পাওয়া যায় না, আবার বিক্রেতা থাকলেও ক্রেতার অভাব দেখা দেয়। এ ক্ষেত্রে মার্কেট মেকাররা ক্রেতা-বিক্রেতার মধ্যে ভারসাম্য তৈরি করে লেনদেন সচল রাখেন।
নতুন আর্থিক পণ্যের ঝুঁকি ও লেনদেন পদ্ধতি সম্পর্কে বিনিয়োগকারীদের যথাযথ ধারণা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ব্রোকারদের ডেরিভেটিভস ব্যবসা পরিচালনায় প্রশিক্ষিত করে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এদিকে কমোডিটি ডেরিভেটিভসের পাশাপাশি শেয়ারভিত্তিক ডেরিভেটিভস চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইক্যুইটি ডেরিভেটিভস ও ইনডেক্স ফিউচার চালুর সম্ভাব্যতা যাচাই করছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে শেয়ারনির্ভর। শুধু শেয়ার ও বন্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন আর্থিক পণ্য যুক্ত করা জরুরি। ডেরিভেটিভস চালুর মাধ্যমে বাজারে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এর বিকাশে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।






















