ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি নন-লাইফ বিমা সেবা চালুর লক্ষ্যে করপোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ব্যাংকের ব্যাংকাসুরেন্স কার্যক্রমের আওতায় গ্রাহকেরা মোটর, ভ্রমণ, গ্রুপ স্বাস্থ্য ও কৃষিবিমা সেবা পাবেন।
২০২৬ সালের ২ নভেম্বর ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহ আলম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় গ্রাহকেরা বিভিন্ন ধরনের নন-লাইফ বিমা পণ্য গ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে মোটর, ভ্রমণ, গ্রুপ স্বাস্থ্য ও কৃষিবিমা।
উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, বিমা সেবার সাফল্য শুধু পলিসি বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দ্রুত, স্বচ্ছ ও ন্যায্যভাবে বিমা দাবি নিষ্পত্তি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছে তারা।
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের আর্থিক সুরক্ষা বাড়বে এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাসুরেন্স কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান।























