ঢাকা   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, যে দামে মিলবে ডিজেল-পেট্রল

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, যে দামে মিলবে ডিজেল-পেট্রল

অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। এতে আগের নির্ধারিত দামই বহাল রাখা হয়েছে।

ফলে অক্টোবরজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি তেলের দাম সমন্বয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই রয়েছে। এতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৩৫, ১৬৫, ১৬০ ও ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে আগের নির্ধারিত দামেই দেশের বাজারে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়।

ওই সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৬ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগস্ট পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দীর্ঘ সময় দেশে দাম সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার রোধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধির পর অক্টোবর মাসে আর কোনো পরিবর্তন না করে সর্বশেষ নির্ধারিত দামই বহাল রেখেছে সরকার।

সর্বশেষ