স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপিকে দুর্বল করতে কিংবা দেশে অস্থিরতা সৃষ্টি করতে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবেলায় দলটি সক্ষম। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপি আয়োজিত মশাল মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম অভিযোগ করেন, একটি ‘গুপ্ত সংগঠন’ ১১ দলের একটি ফুটবল টিম গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এ বিষয়ে সচেতন ও সজাগ রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করেছে। ফলে কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভীত হওয়ার দল নয়।
লং মার্চ কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যে মহাসড়ক দিয়ে কর্মসূচির অংশগ্রহণকারীরা গেছেন, সেখানে সাধারণ মানুষের তেমন সাড়া দেখা যায়নি। পায়ে হেঁটে লং মার্চ করার কথা থাকলেও সেখানে কয়েক শ গাড়ি ব্যবহারের অভিযোগ করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, একদিকে তেল-গ্যাস না পাওয়ার দাবি করা হচ্ছে, অন্যদিকে কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে। সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য এবং বাইরে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে কাজ করছে। সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দেশের সব এলাকার মানুষ উন্নয়নের সুফল সমানভাবে পেতে পারেন।
























