ভারতের বক্স অফিসে নতুন ছবিগুলোর লড়াই জমে উঠেছে। মুক্তির পর প্রথম সোমবারের আয়ে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’কে পেছনে ফেলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’। অন্যদিকে মুক্তির ৫৩ দিন পরও দর্শক টানছে ‘হনুমান অংশ’। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যে ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে।
প্রথম সোমবারেও এগিয়ে ‘দ্য বন’
মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালোই চলছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ প্রথম সোমবার ছবিটি আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি।
চার দিনে ভারতের বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৫০ কোটি ৩৫ লাখ রুপি। দীপক কুমার মিশ্র পরিচালিত ফ্যান্টাসি-থ্রিলারটির প্রযোজনায় রয়েছেন একতা কাপুর।
প্রথম সোমবারে কমল ‘দ্য প্যারাডাইস’-এর আয়
অন্যদিকে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পাঁচ দিন পার করেছে। তবে প্রথম সোমবার ছবিটির দৈনিক আয় কিছুটা কমেছে। এদিন ভারতে ৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।
শ্রীকান্ত ওডেলা পরিচালিত সিনেমাটির ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ১০ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির সংগ্রহ ১৪৪ কোটি ৮৫ লাখ রুপি। নানির সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালী কুলকার্নি ও রাঘব যুয়াল।
৫৩ দিন পরও ছুটছে ‘হনুমান অংশ’
বক্স অফিসে সবচেয়ে বড় চমক দেখাচ্ছে ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির ৫৩ দিন পরও আয় করে চলেছে। সোমবার ছবিটি ভারতে আরও ২ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে।
এর ফলে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ১৭ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় বেড়ে হয়েছে ৪০৪ কোটি ২৫ লাখ রুপি।
নীম করৌলি বাবার জীবন অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। আরও আছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি ও অনিল রাস্তোগি। ভারতে ছবিটি মুক্তি পায় ৭ আগস্ট।
কেমন চলছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’
প্রায় সাত বছর পর নতুন নামে ভারতের প্রেক্ষাগৃহে ফিরেছে মার্ভেলের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে পুনর্মুক্তির পর চার দিনে ছবিটির আয় হয়েছে ২৪ কোটি ৮০ লাখ রুপি।
প্রথম দিন ৮ কোটি ৬৮ লাখ রুপি দিয়ে যাত্রা শুরু করা ছবিটি মুক্তির চতুর্থ দিনে আয় করেছে ২ কোটি ৮০ লাখ রুপি।
২৫ দিনে ‘মির্জাপুর দ্য মুভি’
এদিকে ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘মির্জাপুর দ্য মুভি’ প্রেক্ষাগৃহে ২৫ দিন পার করেছে। সময়ের সঙ্গে ছবিটির দৈনিক আয় কমলেও মোট সংগ্রহে বড় অঙ্ক যোগ হয়েছে।
সোমবার ছবিটি আয় করেছে ৬০ লাখ রুপি। এতে ভারতের বক্স অফিসে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২২৭ কোটি ৬৫ লাখ রুপি। গুরমিত সিং পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আলি ফজল, দিব্যেন্দু শর্মা, রসিকা দুগ্গল ও পঙ্কজ ত্রিপাঠী।
























