নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতার দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এস এম রাজিবুল হাসান তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবুল হাসেম ও জেলা পুলিশের মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে গত ২০ মে দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফের ওপর হামলার অভিযোগ ওঠে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
ঘটনার পাঁচ দিন পর ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীনকে প্রধান আসামি করে মোট ৩৩ জনকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
মামলার আসামিরা পরে উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার ৩৩ আসামির মধ্যে ২৫ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আদালতের আদেশে ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির ছাদেক আহমেদ হারিছ। তিনি বলেন, তাঁরা আশা করেছিলেন আদালত আসামিদের জামিন দেবেন। আদালতের সিদ্ধান্তকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, নেতা-কর্মীরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে তাঁরা আশা করেন।
























