ঢাকা   বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সীতার চরিত্রে সাই পল্লবী ছাড়া কাউকে ভাবতে পারেন না রণবীর

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২৭, ১৫ অক্টোবর ২০২৬

সীতার চরিত্রে সাই পল্লবী ছাড়া কাউকে ভাবতে পারেন না রণবীর

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবী ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারেন না বলিউড অভিনেতা রণবীর কাপুর। সহ-অভিনেত্রীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেছেন, সাই পল্লবীর সঙ্গে একই পর্দায় কাজ করার সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্য সৌভাগ্যের।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে সহ-অভিনেত্রীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন রণবীর।

তেলুগু টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা উইথ জগপতি’র দ্বিতীয় মৌসুমের প্রথম অতিথি হিসেবে হাজির হবেন সাই পল্লবী। আগামী ১৬ অক্টোবর তেলুগু জি৫-এ প্রচারিত হতে যাওয়া এই পর্বের একটি প্রোমোতে রণবীরের ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে।

ভিডিও বার্তায় রণবীর বলেন, “সাই, তোমার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো তোমার সততা। তোমার মতো একজন সহ-অভিনেত্রীর সঙ্গে একই দৃশ্যে কাজ করার সুযোগ পেলে যেকোনো অভিনেতাই নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর সীতার চরিত্রের ক্ষেত্রে সত্যি বলতে, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনাই করতে পারি না। দর্শক তোমাকে এক নতুনভাবে দেখতে পাবেন। সেই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি।”

সাই পল্লবীর প্রশংসার পাশাপাশি তেলুগুভাষী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রণবীর। তেলুগু ভাষায় তিনি বলেন, ‘মী প্রেমাকে না ধন্যবাদেলু’, যার অর্থ ‘আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ’।

রণবীরের বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাই পল্লবী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কত মিষ্টি!”

দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ’ সিনেমার। এতে রাম ও সীতার চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়াও রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ।

সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের দীপাবলি।